বিহারে নীতীশ যুগের অবসান! অঙ্গরাজ্যে কি এবার বিজেপির রাজ?
Truth of Bengal: দীর্ঘ দুই দশকের রাজনৈতিক অধ্যায়ের ইতি টানতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সোমবার বিধান পরিষদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত কার্যত তাঁর মুখ্যমন্ত্রিত্বের শেষ অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
সম্প্রতি রাজ্যসভায় নির্বাচিত হওয়ায় সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁকে বিধান পরিষদের সদস্যপদ ছাড়তেই হচ্ছে। সেই কারণেই এই ইস্তফা। তবে এর সরাসরি প্রভাব পড়তে চলেছে বিহারের ক্ষমতার সমীকরণে।
নীতীশ কুমার বহু বছর ধরে বিহারের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন। কখনও জোট বদল, কখনও রাজনৈতিক কৌশল- সব মিলিয়ে তাঁকে ঘিরে তৈরি হয়েছিল ‘পলটুরাম’ তকমা। কিন্তু এবার সেই দীর্ঘ যাত্রা থামার মুখে।
এখন সবচেয়ে বড় প্রশ্ন, নীতীশের পর কে? জেডিইউ শিবির এখনও কোনও নাম ঘোষণা না করলেও, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রীর পদ এবার বিজেপির হাতেই যেতে পারে। উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরির নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। অল্প সময়ের মধ্যেই তিনি দলের ভিতরে নিজের প্রভাব বাড়িয়েছেন।
এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায়ের নামও ঘুরছে সম্ভাব্য মুখ হিসেবে, বিশেষ করে ওবিসি ভোটব্যাঙ্ককে মাথায় রেখে। অন্যদিকে, নীতীশপুত্র নিশান্ত কুমারের নামও জল্পনায় থাকলেও, তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা আপাতত কম বলেই মনে করা হচ্ছে।
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, নিশান্তকে উপমুখ্যমন্ত্রী করে নতুন প্রজন্মকে সামনে আনার চেষ্টা হতে পারে।
সব মিলিয়ে, বিহারের রাজনীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। স্বাধীনতার পর এই প্রথমবার গেরুয়া শিবিরের কোনও নেতা মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে পারেন, এই সম্ভাবনাই এখন সবচেয়ে জোরালো।
নীতীশ যুগের সূর্য অস্ত যাচ্ছে, আর সেই সঙ্গে নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা হতে চলেছে বিহারে।






