Faridabad: ফরিদাবাদে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ, অভিযুক্ত ৪ যুবক পলাতক
ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক এবং তাদের খোঁজে ইতিমধ্যেই পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে।
Truth of Bengal: হরিয়ানার ফরিদাবাদে এক অষ্টম শ্রেণির স্কুলপড়ুয়াকে গণধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। এই ঘটনায় চার জন অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে অভিযোগের তির উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক এবং তাদের খোঁজে ইতিমধ্যেই পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছিল গত ২৬ অক্টোবর, রবিবার সন্ধ্যায়। অষ্টম শ্রেণিতে পাঠরতা ওই নাবালিকা সেদিন সন্ধ্যায় স্থানীয় বাজারে গিয়েছিল। এর পরেই সে নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরের দিন, অর্থাৎ ২৭ অক্টোবর ভোরে নাবালিকাটি বাড়ি ফিরে আসে।
পুলিশের কাছে দেওয়া তথ্যানুযায়ী, ২৬ অক্টোবর সন্ধ্যায় ওই চার অভিযুক্ত যুবক নাবালিকাটিকে অপহরণ করে। তারা একটি গাড়িতে করে তাকে অজ্ঞাত কোনো জায়গায় নিয়ে গিয়ে জোর করে আটকে রাখে। অভিযোগ উঠেছে যে, সেখানে ওই নাবালিকাকে মাদক সেবন করানো হয় এবং এরপর তাকে গণধর্ষণ করা হয়। পরদিন ভোরে অভিযুক্তরাই নাবালিকাটিকে তার বাড়ির কাছাকাছি একটি জায়গায় গাড়ি থেকে নামিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। এই ঘটনার পরই পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।






