পুর নিয়োগ দুর্নীতি মামলা: তারাতলায় ইডি হানা, উদ্ধার বিপুল অর্থ
একই সময়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অন্য এক দল অভিযান চালাচ্ছে বাগুইআটিতে।
Truth Of Bengal: পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে বুধবার সকালে তারাতলায় এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেখান থেকে তারা উদ্ধার করেছে বিপুল পরিমাণ টাকা সহ গয়না। জানা গিয়েছে, যেই টাকা উদ্ধার হয়েছে, তা এখনও পর্যন্ত গোনা চলছে। তবে এজেন্সির কর্মকর্তাদের বক্তব্য, উদ্ধার হয়েছে প্রায় ১ কোটি ২০ লক্ষেরও বেশি নগদ টাকা। তবে খতিয়ে দেখা হচ্ছে এর উৎস কি বা এর সঙ্গে পুর নিয়োগ দুর্নীতি মামলার কোনও সম্পর্ক আছে কিনা।
পাশাপাশি, একই সময়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অন্য এক দল অভিযান চালাচ্ছে বাগুইআটিতে। জানা গিয়েছে, তদন্তকারীদের সন্দেহ ছিল দুই জায়গাতেই বেশ কয়েকটি সংস্থার আর্থিক লেনদেন নিয়ে। সেই কারণেই বুধবার সকাল থেকে সমানভাবে দুই জায়গায় অভিযান শুরু হয়। আরও জানা গিয়েছে যে ইডি কিছুদিন আগে একাধিক সংস্থার খোঁজ পেয়েছে, যারা গোটা বিষয়টিতে জড়িত থাকতে পারে এবং সেই সূত্র ধরেই চলছে তল্লাশি অভিযান।
শেষ খবর পাওয়া পর্যন্ত তল্লাশি এখনও জারি রয়েছে। তদন্তকারীদের বক্তব্য, আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা নথি পাওয়া যেতে পারে, যা আগামীদিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মামলার তদন্তে। প্রসঙ্গত, মঙ্গলবারও তাদের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয় কলকাতার বেশ কয়েকটি এলাকায়, যার মধ্যে ছিল এক ব্যবসায়ীর বাড়ি, যা অবস্থিত বেলেঘাটার হেমচন্দ্র নস্কর রোডে। তখনও বেশ কিছু নথি ও ডিজিটাল তথ্য উদ্ধার হয় বলে জানা গিয়েছিল। সেক্ষেত্রে দেখার যে আর কি হাতে লাগে আধিকারিকদের।






