Nimtala Ghat: নিমতলা শ্মশানে মর্মান্তিক দুর্ঘটনা: গঙ্গায় তলিয়ে গেল চারচাকা গাড়ি
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে গাড়ির মালিক সপরিবারে নিমতলা মহাশ্মশানের ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসেছিলেন।
Truth of Bengal: বৃহস্পতিবার ভোরের আলো ফোটার আগেই কলকাতার নিমতলা মহাশ্মশান এলাকায় এক দুর্ঘটনা ঘটে গেল। ভোর ৪টে নাগাদ ভূতনাথ মন্দিরের কাছে গঙ্গার ঘাটে একটি চারচাকা গাড়ি আচমকাই নদীতে তলিয়ে যায়। এই ঘটনায় ৪ জন ব্যক্তি অল্পবিস্তর আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে একজন মহিলা রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে গাড়ির মালিক সপরিবারে নিমতলা মহাশ্মশানের ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসেছিলেন। তিনি গঙ্গার ঘাটের কাছে গাড়িটি রেখে পুজো দিতে যান। সেই সময়েই কোনো এক কারণে গাড়িটি গঙ্গার দিকে গড়িয়ে গিয়ে জলে ডুবে যায়। ঘাটের ধারে শুয়ে থাকা ৪ জন এই ঘটনায় অল্প আহত হন। আহত মহিলার প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হলেও, বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোরবেলা স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে গঙ্গায় ডুবে যেতে দেখে চিত্কার শুরু করেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং ডুবে যাওয়া গাড়িটিকে দড়ি দিয়ে বেঁধে রাখেন। বর্তমানে গঙ্গায় জোয়ার চলায় ভাটা শুরু না হওয়া পর্যন্ত গাড়িটিকে পুরোপুরি তুলে আনার কাজ শুরু করা যায়নি।
গাড়িটি ঠিক কী কারণে তলিয়ে গেল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে যে গাড়িটি যেখানে রাখা ছিল, সেই স্থানটি ঢালু ছিল। চালক সম্ভবত হ্যান্ডব্রেক দিতে ভুলে গিয়েছিলেন, যার ফলেই এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীরা জানিয়েছেন, এই ধরনের ঘটনা নিমতলা মহাশ্মশানের ঘাটে নতুন নয়, এর আগেও বেশ কয়েকবার গাড়ি এভাবে গঙ্গায় ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে।






