Mamata Banerjee: মহাকাল মন্দিরে মমতা! সূর্যমুখী ফুল আর দুধ দিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী
এই পুজো দেওয়ার পাশাপাশি তিনি স্থানীয় বাসিন্দা ও মন্দিরে আসা দর্শনার্থীদের সঙ্গে জনসংযোগও সারেন এবং মন্দিরের পুরোহিতের সঙ্গে কথা বলেন
Truth of Bengal: উত্তরবঙ্গ সফরের প্রায় শেষলগ্নে পৌঁছে বৃহস্পতিবার দার্জিলিঙের বিখ্যাত মহাকাল মন্দিরে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান এদিন সূর্যমুখী ফুল ও দুধ দিয়ে মন্দিরে দেবতাকে অর্ঘ্য নিবেদন করেন। এই পুজো দেওয়ার পাশাপাশি তিনি স্থানীয় বাসিন্দা ও মন্দিরে আসা দর্শনার্থীদের সঙ্গে জনসংযোগও সারেন এবং মন্দিরের পুরোহিতের সঙ্গে কথা বলেন (Mamata Banerjee)।
দার্জিলিঙের বিখ্যাত মহাকাল মন্দিরে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। pic.twitter.com/1S2rnPVwnp
— TOB DIGITAL (@DigitalTob) October 16, 2025
সম্প্রতি উত্তরবঙ্গে ঘটে যাওয়া বিপর্যয়ের পর এটি ছিল মুখ্যমন্ত্রীর দ্বিতীয় দফার পাহাড় সফর। দার্জিলিঙে থাকাকালীন তিনি প্রশাসনিক বৈঠক করেন এবং প্রাকৃতিক তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। শুক্রবার তাঁর কলকাতায় ফিরে আসার কথা রয়েছে। তার ঠিক আগে এদিন তিনি শৈলশহরের অন্যতম পবিত্র স্থান মহাকাল মন্দিরে পুজো দেন। তাঁর সঙ্গে এই সফরে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা (Mamata Banerjee)।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উত্তরবঙ্গ সফরে সবসময়ই জনসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছান। এর আগেও বিভিন্ন সময়ে তাঁকে খুদেদের প্রতি স্নেহ প্রকাশ করতে বা দোকানে ঢুকে মোমো তৈরি করতে দেখা গেছে। বিজয় দশমীর পর প্রকৃতির তাণ্ডবে পাহাড়ের একাধিক অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ভুটান থেকে আসা জলে বহু এলাকা প্লাবিত হয় এবং বড় ধরনের ভূমিধস নামে। এর ফলে বাড়িঘর, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি, আলিপুরদুয়ার, নাগরাকাটা, মিরিক, দার্জিলিং সহ বহু এলাকার বিস্তর চাষের জমি জলের তলায় চলে যায় (Mamata Banerjee)।






