দেশ

IndiGo Incident: উইন্ডস্ক্রিনে ফাটল! মাঝ আকাশে বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন ৭৬ যাত্রী

পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটিকে নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন।সূত্রের খবর, অবতরণের কয়েক মিনিট আগে ককপিটের সামনের কাচে ফাটল লক্ষ্য করেন পাইলট।

Truth of Bengal: বড়সড় বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন মাদুরাই থেকে চেন্নাইগামী এক ইন্ডিগো বিমানের ৭৬ জন যাত্রী। শনিবার সকালে চেন্নাই বিমানবন্দরে অবতরণের ঠিক আগেই বিমানের সামনের উইন্ডস্ক্রিনে ফাটল দেখতে পান পাইলট। পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটিকে নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন।সূত্রের খবর, অবতরণের কয়েক মিনিট আগে ককপিটের সামনের কাচে ফাটল লক্ষ্য করেন পাইলট। সঙ্গে সঙ্গে তিনি এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-এর সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি নিরাপত্তা প্রোটোকল সক্রিয় করা হয়। রাত প্রায় ১১টা ১২ মিনিট নাগাদ বিমানটি চেন্নাই বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে (IndiGo Incident)।

বিমানে থাকা সকল যাত্রীকেই নিরাপদে নামানো হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।ঘটনার পর বিমানটিকে বিমানবন্দরের একটি পৃথক স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ইন্ডিগো সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত উইন্ডস্ক্রিন প্রতিস্থাপনের কাজ চলছে। কীভাবে কাচে ফাটল ধরল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। জানা গিয়েছে, ইন্ডিগোর ওই বিমানটি অবতরণের পর ফের চেন্নাই থেকে মাদুরাই যাওয়ার কথা ছিল। কিন্তু উইন্ডস্ক্রিন সমস্যার কারণে পরবর্তী যাত্রা বাতিল করা হয়েছে। যাত্রীদের জন্য বিকল্প উড়ানের ব্যবস্থা করা হয়েছে কি না, তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।যদিও ইন্ডিগোর তরফে এই ঘটনায় এখনও কোনও সরকারি বিবৃতি জারি করা হয়নি (IndiGo Incident)।

উল্লেখ্য, এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু উৎসবের মরশুমে বিমান নিরাপত্তা ও যাত্রী পরিষেবা নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন। সেখানে দেশের বিমান সংস্থাগুলিকে কঠোরভাবে সুরক্ষা মান বজায় রাখার নির্দেশ দেন এবং ভাড়া যুক্তিসঙ্গত রাখার আহ্বান জানান। এরপরেই ইন্ডিগোর বিমানের কাঁচে ফাটল দেখা যায়। আর এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে, যাত্রী নিরাপত্তা নিয়ে বিমান সংস্থাগুলির পর্যাপ্ত নজরদারি হচ্ছে কি না (IndiGo Incident)।

Related Articles