Weather Update: নিম্নচাপের জের, ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ জেলাও!
কলকাতা সহ দক্ষিণবঙ্গে আরও কিছু দিন বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
Truth Of Bengal: সারাদিন আকাশের মুখভার। মাঝেমধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি (Weather Update)। রাস্তায় কোথাও জমে পায়ের পাতা ডোবা জল, কোথাও আবার প্যাচপেচে কাদা। গত দু’দিন ধরে কলকাতা ও শহরতলির এই ছবিটাই নজরে এসেছে। একদিকে নতুন করে তৈরি হওয়া নিম্নচাপ, অন্যদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দফায় দফায় বৃষ্টি চলছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আরও কিছু দিন বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
[আরও পড়ুন: BJP Councillors: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের গুনো গান গাইছেন বিজেপি কাউন্সিলররা!]
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া, মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে সুরতগড়, রোহতক, ফতেহ্গড়, গয়া, দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত। ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরের ওপর নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। এর ফলে আপাতত বৃষ্টির (Weather Update) অনুকূল পরিস্থিতি রয়েছে বাংলায়। তার জেরে সোমবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। একই পূর্বাভাস রয়েছে কলকাতা সংলগ্ন হাওড়া ও হুগলি জেলায়। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় (Weather Update)। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত।
[আরও পড়ুন: Mystery Death: মর্মান্তিক, বচসার জেরে মাকে খুন! ছেলেকে আটক করল পুলিশ]
দক্ষিণবঙ্গের পাশাপাশি বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।






