Bengal Weather: দক্ষিণবঙ্গে কমছে বৃষ্টি, বাড়ছে অস্বস্তি – উত্তরে এখনই থামছে না ঝড়বৃষ্টি
আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখাটি বর্তমানে বিকানের, গুণা, বিলাসপুর হয়ে কলিঙ্গপটনম পর্যন্ত বিস্তৃত।
Truth of Bengal: কয়েকদিন ধরেই রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে ভারী থেকে মাঝারি বৃষ্টি চলছে। এখনও সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত। তার জেরে রাজ্যের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও, আগের মতো বর্ষার দাপট আর দেখা যাচ্ছে না। এই অবস্থায় আগামী কয়েকদিনে রাজ্যে তাপমাত্রা বাড়ার পাশাপাশি বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তিও — এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।(Bengal Weather)
আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখাটি বর্তমানে বিকানের, গুণা, বিলাসপুর হয়ে কলিঙ্গপটনম পর্যন্ত বিস্তৃত। গত কয়েকদিন ধরে এই অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। তবে এখন সেই প্রবণতা অনেকটাই কমে এসেছে। দক্ষিণবঙ্গেও বেশ কিছু জেলায় বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে।
শনিবার কলকাতা ও আশপাশের অঞ্চলে দিনের আকাশ থাকবে মেঘলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গতকাল, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৬৯ শতাংশ — যা দিনের বেশিরভাগ সময়েই অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছে।
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় এখনও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে রবিবার ও সোমবার বৃষ্টির দাপট আরও কমবে। যদিও সম্পূর্ণভাবে বৃষ্টি থেমে যাবে না, কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আকাশ থাকবে আংশিক মেঘলা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে প্রবল। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়ই দিনে অন্তত একবার করে বৃষ্টি হতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দু-একটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। রবিবার ও সোমবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কয়েকটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।






