অস্ত্রের ভয় দেখিয়ে চাপ! হুমকির মুখে হাইকোর্টের আইনজীবী দম্পতি
High Court lawyer couple under threat of weapons
Truth Of Bengal: দুষ্কৃতীদের হামলার মুখে পড়লেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির পুত্রবধূ তথা হাইকোর্টের আইনজীবী শ্রেয়া রায় সরস্বতী এবং তাঁর স্বামী অনন্য কান্তি রায় সরস্বতী। বীরভূমের ইলামবাজার থানার জঙ্গলঘেরা এলাকায় গাড়ি থামিয়ে অস্ত্র দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় এই আইনজীবী দম্পতিকে।
ঘটনার পর থেকে চরম আতঙ্কে রয়েছেন তাঁরা। ইতিমধ্যেই ইলামবাজার ও শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত বুধবার। আইনজীবী দম্পতি তাঁদের ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন ইলামবাজার এলাকার জঙ্গলের পাশ দিয়ে। সেখানেই কয়েকজন দুষ্কৃতী তাঁদের গাড়ি ঘিরে ধরে। একাধিক অস্ত্র উঁচিয়ে হুমকি দিয়ে স্পষ্ট ভাষায় জানায়— ‘অমুক মামলা’ থেকে সরে দাঁড়াতে হবে, না হলে প্রাণে মারার ফল ভোগ করতে হবে।’
আইনজীবী অনন্য কান্তি রায় সরস্বতী জানান, “আমরা আইনের পথেই লড়াই করি। কখনও ভাবিনি এভাবে হামলার মুখে পড়ব। এখন বাড়ি থেকে বেরোতেও ভয় লাগছে।” একইসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, তাঁর ক্লায়েন্ট বা কোনও প্রভাবশালী পক্ষ হয়তো এই আক্রমণের পিছনে থাকতে পারে।
এই ঘটনাকে ঘিরে আইনি মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন শান্তিনিকেতন অঞ্চলের বহু বিশিষ্ট ব্যক্তি। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। দুষ্কৃতীদের চিহ্নিত করতে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ ও লোকাল ইনফরমারদের সাহায্য নেওয়া হচ্ছে।
আইনজীবী দম্পতির নিরাপত্তা নিয়ে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও বিশেষ পদক্ষেপ না নেওয়ায় উদ্বেগ আরও বাড়ছে।






