দেশ

সৎকারের আগেই জেগে উঠলো মৃত লাশ! আজব ঘটনা রাজস্থানে

Dead body wakes up before burial! Strange incident in Rajasthan

Truth Of Bengal: রাজস্থানের ঝুনঝুনু শহরে ঘটে গেল এক চমকপ্রদ ঘটনা। চিকিৎসকদের মৃত ঘোষণা করা যুবক রোহিতাশ আচমকা জীবিত হয়ে উঠলেন। এই ঘটনায় তিন চিকিৎসককে সাসপেন্ড করেছে রাজ্য সরকার।

জানা গেছে, রোহিতাশ নামের যুবক মানসিক ভারসাম্যহীন এবং বিশেষ ক্ষমতাসম্পন্ন। তিনি ‘মা সেবা সংস্থা’ নামে একটি বেসরকারি সংস্থার আবাসে থাকতেন। বৃহস্পতিবার সকালে আবাসে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় তাঁকে। এরপর তাঁকে ঝুনঝুনুর বিডিকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

চিকিৎসকেরা কিছুক্ষণের মধ্যেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তাঁর দেহ মর্গে পাঠানো হয় এবং বেওয়ারিশ লাশ হিসাবে গণ্য করে সৎকারের প্রস্তুতি শুরু হয়। অভিযোগ, ময়নাতদন্ত না করেই রিপোর্ট তৈরি করে পুলিশকে দেওয়া হয়। মর্গে প্রায় চার ঘণ্টা থাকার পর সৎকারের জন্য পাঠানোর সময়ে হঠাৎ করে ‘লাশ’ নড়ে ওঠে এবং রোহিতাশ জেগে ওঠেন।

এই ঘটনায় উপস্থিত সবাই হতবাক হয়ে যান। চিকিৎসকদের দায়িত্বে গাফিলতির অভিযোগ ওঠে। খবর পেয়ে রাজ্য স্বাস্থ্য দফতর দ্রুত পদক্ষেপ নেয়। হাসপাতালে তদন্ত চালানো হয় এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়।

জেলাশাসকের তদন্ত রিপোর্টের ভিত্তিতে হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ পচার-সহ তিন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles