ফের দুর্ঘটনার কবলে ট্রেন, লাইনচ্যুত শালিমার-সেকেন্দ্রাবাদ উইকলি এক্সপ্রেস
Train accident again, Shalimar-Secunderabad Weekly Express derails
Truth Of Bengal: ফের একবার রাজ্যে ট্রেন দুর্ঘটনা ঘটল। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে হাওড়ার নলপুরের কাছে লাইনচ্যুত হয় ডাউন শালিমার-সেকেন্দ্রাবাদ উইকলি এক্সপ্রেস। এই দুর্ঘটনার ফলে দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। দ্রুত শুরু হয়েছে উদ্ধারকাজ।
রেল সূত্রে আরও জানা গিয়েছে, ট্রেনটির পাঁচ থেকে ছটি বগি এবং ইঞ্জিন নলপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। প্রথমে ট্রেনটি এক নম্বর লাইনে ছিল, কিন্তু হঠাৎ করে তা দুই নম্বর লাইনে চলে আসে। যদিও ঘোষণা করা হয়েছিল এক নম্বর লাইন দিয়ে ট্রেনটি যাবে, চালক সময়মতো তা বুঝতে পেরে তীব্র ব্রেক করেন, যার ফলে ইঞ্জিনসহ দুটি বগি ছিটকে এক নম্বর লাইনে চলে যায়।
বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পায় ট্রেনটি। সাধারণত এক্সপ্রেস ট্রেনগুলি মেন লাইনে দিয়ে যায়, ফলে ওই সময় যদি মেন লাইনে অন্য কোনো ট্রেন থাকতো তাহলে দুর্ঘটনা আরও ভয়াবহ হতে পারত। দুর্ঘটনার পর আপ ও ডাউন দুই দিকের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তৎপরতার সাথে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের উদ্ধার করেন এবং গাড়ির ব্যবস্থা করে তাদের মুম্বাই রোডে পাঠান। সেখান থেকে যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছে যান।
ট্রেন চলাচল বন্ধ থাকায় নিত্যযাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।






