ঝাড়গ্রামে তৃণমূলের বৈঠকে নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা
সভায় সভাপতিত্ব করেন গোপীবল্লভপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল।
Truth Of Bengal: আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপশিয়া-৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তপশিয়া-৩ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় দলের ব্লক ও অঞ্চল স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন গোপীবল্লভপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল।
উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র, ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অনুপম মল্লিক, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শক্তিপদ করন, গ্রাম পঞ্চায়েত প্রধান বীরমলি সরেন সহ ব্লক ও অঞ্চল স্তরের অন্যান্য নেতৃত্ববৃন্দ। সভায় বক্তব্য রাখতে গিয়ে টিঙ্কু পাল বলেন, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। দলের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ ও সাফল্য সাধারণ মানুষের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।
পাশাপাশি কোথাও কোনও সমস্যা বা অসুবিধা থাকলে তা দ্রুত ব্লক নেতৃত্বকে জানাতে নির্দেশ দেন। এদিন তিনি আরও বলেন, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তারা পাচ্ছেন কিনা, তা খতিয়ে দেখা দলের কর্মীদের দায়িত্ব। চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তাও দেন তিনি। সভা থেকে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মসূচি ও সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।






