কলকাতারাজ্যের খবর

চড়ছে পারদ, তারই মাঝে বৃষ্টির পূর্বাভাস! সপ্তাহের শুরুতেই ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় যখন তখন বৃষ্টি নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Truth Of Bengal: ফাল্গুন মাস পড়তেই রাজ্যের আবহাওয়ায় বদলের ইঙ্গিত মিলছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে হঠাৎ করেই রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় যখন তখন বৃষ্টি নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর

রবিবার উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দার্জিলিং জেলায় অতি হালকা বৃষ্টি হতে পারে। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।

সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

মঙ্গলবারও কলকাতা ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় দমকা হাওয়া বইতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাকে বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর

এদিকে রবিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

Related Articles