শতাব্দীপ্রাচীন মন্দিরেও রান্নার গ্যাসের সঙ্কট! ভোগ বিতরণ বন্ধ বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে
দেবী মা সর্বমঙ্গলার নিত্য ভোগের ব্যবস্থা কোনোভাবে বজায় রাখা হবে বলেও জানানো হয়েছে।
Truth of Bengal: রান্নার গ্যাসের সঙ্কট এবার সাধারণ মানুষের হেঁশেল ছাড়িয়ে পৌঁছে গেল ধর্মস্থানে। গ্যাসের জোগান অনিয়মিত হওয়ায় বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলার মন্দিরে আপাতত বন্ধ করে দেওয়া হল ভক্তদের জন্য নিত্যদিনের ভোগ বিতরণ। মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা। মন্দির সূত্রে জানা গিয়েছে, গ্যাসের তীব্র সঙ্কটের কারণে প্রতিদিনের মতো বিপুল পরিমাণ ভোগ রান্না করা সম্ভব হচ্ছে না। সেই কারণেই বাধ্য হয়ে মন্দির চত্বরে একটি নোটিশ টাঙিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে, ১৩ মার্চ থেকে ভক্তদের জন্য ভোগ বা প্রসাদ বিতরণ আপাতত বন্ধ থাকবে। তবে দেবী মা সর্বমঙ্গলার নিত্য ভোগের ব্যবস্থা কোনোভাবে বজায় রাখা হবে বলেও জানানো হয়েছে।
রাজ্য জুড়ে রান্নার গ্যাসের জোগান নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছে।সাধারণ মানুষের পাশাপাশি এই সমস্যার প্রভাব এবার পড়েছে ধর্মীয় প্রতিষ্ঠানেও।বর্ধমানের শতাব্দীপ্রাচীন সর্বমঙ্গলা মন্দিরে প্রতিদিন বহু ভক্ত দূরদূরান্ত থেকে এসে মায়ের প্রসাদ গ্রহণ করেন। কিন্তু গ্যাসের জোগান ঠিকমতো না থাকায় সেই ভোগ রান্না করা এখন কার্যত অসম্ভব হয়ে পড়েছে।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও আগের মতো ভক্তদের জন্য ভোগ বিতরণ শুরু করা হবে। তবে ঠিক কবে থেকে তা সম্ভব হবে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।এদিকে ভোগ গ্রহণ করতে এসে হতাশ হয়ে ফিরতে হচ্ছে বহু পুণ্যার্থীকে। এক ভক্ত বলেন, ‘আজ মন্দিরে এসে দেখি নোটিশ ঝোলানো হয়েছে যে আগামীকাল থেকে ভোগ বিতরণ বন্ধ থাকবে। আবার কবে ভোগ পাওয়া যাবে তাও জানা নেই। খুবই খারাপ লাগছে। দূরদূরান্ত থেকে মানুষ এখানে আসেন, গ্যাসের সমস্যার জন্য এমন সিদ্ধান্ত মেনে নেওয়া সত্যিই দুঃখজনক।’ শহরের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এই মন্দিরে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ শহরবাসী ও ভক্তমহল। এখন সকলেরই অপেক্ষা, কবে গ্যাস সঙ্কট কাটিয়ে আবারও আগের মতো ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা যাবে।





