রাজ্যের খবর

গ্যাস নিয়ে কালোবাজারি রুখতে পূর্ব বর্ধমানে ডিলার শপে পুলিশি হানা

এই পরিস্থিতিতে মানুষের দুর্ভোগের সুযোগ নিয়ে কিছু জায়গায় গ্যাসের কালোবাজারির অভিযোগও উঠতে শুরু করেছে।

Truth Of Bengal: পিন্টু প্যাটেল, পূর্ব বর্ধমান:  যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে জ্বালানি গ্যাসের সংকটের আশঙ্কা ঘিরে নানা গুজব ছড়াতে শুরু করেছে। তারই প্রভাব পড়েছে বাংলার বিভিন্ন প্রান্তে। কোথাও কোথাও এলপিজি সমস্যার আশঙ্কায় রান্নাবান্না ব্যাহত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, বন্ধের মুখে পড়ছে একাধিক হোটেল ও রেস্তরাঁ। সড়ক পরিবহণেও তার প্রভাব পড়েছে বলে অভিযোগ, অনেক জায়গায় অটোতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে নিত্যযাত্রীদের।

এই পরিস্থিতিতে মানুষের দুর্ভোগের সুযোগ নিয়ে কিছু জায়গায় গ্যাসের কালোবাজারির অভিযোগও উঠতে শুরু করেছে। সেই অভিযোগ ও গুজবের জেরে তৈরি হওয়া আতঙ্কের প্রেক্ষিতে তৎপর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন। পূর্ব বর্ধমান জেলায় গ্যাসের কালোবাজারি রুখতে এবং পরিস্থিতি খতিয়ে দেখতে বিভিন্ন গ্যাস ডিলার শপে আকস্মিক অভিযান চালাল জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।জেলা পুলিশের আধিকারিকরা বর্ধমান শহর-সহ বিভিন্ন এলাকায় গ্যাস ডিলারদের গুদাম ও অফিসে গিয়ে সরেজমিনে খোঁজ নেন। সিলিন্ডার সরবরাহে কোনো কারচুপি হচ্ছে কি না এবং কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়।

প্রশাসনের দাবি, সম্প্রতি গ্যাসের দামে সামান্য বৃদ্ধি এবং সরবরাহ নিয়ে গুজব ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই নির্ধারিত বুকিংয়ের তারিখের আগেই ডিলার শপে এসে দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছেন। এর ফলে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হচ্ছে।গ্যাস ডিলারদের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় এলপিজি গ্যাসের কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত মজুত রয়েছে এবং নিয়ম মেনেই গ্রাহকদের কাছে সরবরাহ করা হচ্ছে। ডিলারদের বক্তব্য, বুকিং অনুযায়ী নির্দিষ্ট সময়েই গ্রাহকদের কাছে গ্যাস পৌঁছে দেওয়া হচ্ছে। অযথা আতঙ্কিত হয়ে ভিড় জমালে সমস্যাই বাড়বে।এদিকে জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন ডিলার শপে সিস্টেম পরীক্ষা করা হয়েছে এবং এখনও পর্যন্ত কোনো অনিয়ম বা কারচুপির প্রমাণ মেলেনি। তবে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছে, কোনো গুজবে কান না দিতে। গ্যাসের সরবরাহ স্বাভাবিক রয়েছে। কোনো অভিযোগ থাকলে সরাসরি প্রশাসনকে জানানোর অনুরোধও করা হয়েছে।