কুশমন্ডি বিধানসভায় বিজেপির শক্তিবৃদ্ধি!, ৬০-৭০ জন তৃণমূল কর্মীর বিজেপিতে যোগদান
প্রায় ১১টি পরিবার একযোগে বিজেপির পতাকার নিচে শামিল হয়েছে
Truth Of Bengal: দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি বিধানসভা কেন্দ্রে নির্বাচনের মুখে দলবদলকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠল। শনিবার সকালে কুশমন্ডি ব্লকের আটচা অঞ্চলের বালা পুকুর বুথে প্রায় ৬০-৭০ জন তৃণমূল সমর্থক বিজেপিতে যোগদান করেছেন বলে দাবি করেছে গেরুয়া শিবির। কুশমন্ডি বিধানসভার বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়ের হাত ধরে এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয়।
বিজেপিতে যোগ দেওয়া কর্মীদের একাংশের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই তাঁরা ঘাসফুল শিবির ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। দলবদলকারী এক কর্মীর মতে, প্রায় ১১টি পরিবার একযোগে বিজেপির পতাকার নিচে শামিল হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায় দাবি করেন, বালা পুকুর বুথে তৃণমূলের সংগঠন কার্যত ভেঙে পড়েছে এবং সেখানে তৃণমূলের আর কোনও অস্তিত্ব নেই। তিনি আরও যোগ করেন যে, গোটা রাজ্যজুড়েই তৃণমূলের জনভিত্তি ক্রমশ দুর্বল হচ্ছে।
তবে বিজেপির এই দাবিকে পুরোপুরি নস্যাৎ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কুশমন্ডি বিধানসভার তৃণমূল প্রার্থী রেখা রায় এই ঘটনাকে বিজেপির সাজানো ‘নাটক’ বলে অভিহিত করেছেন। তাঁর অভিযোগ, বিজেপি নিজেদের পুরনো কর্মীদেরই পুনরায় যোগদান করিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তৃণমূলের কোনও সক্রিয় কর্মী বা সমর্থক দলবদল করেননি বলেও তিনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন।
নির্বাচনের আগে কুশমন্ডির এই দলবদল এবং তা নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের পাল্টাপাল্টি দাবি ঘিরে ওই এলাকায় উত্তেজনা ও রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে।






