রাজ্যের খবর

ইছামতির বুকে ১৬ কোটির কংক্রিট সেতু, ব্রিগেড থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দীর্ঘদিন ধরে তিনটি পঞ্চায়েতের প্রায় ৫০টি গ্রামের লক্ষাধিক মানুষ ইছামতি নদী পারাপারের জন্য বাঁশের সাঁকোর উপর নির্ভরশীল ছিলেন

মন্টু সাহাজী, বসিরহাট: দীর্ঘ প্রায় ছয় দশকের অপেক্ষার অবসান হতে চলেছে সীমান্ত এলাকার মানুষের। উত্তর ২৪ পরগনার বনগাঁ লোকসভা কেন্দ্রের স্বরূপনগর ব্লকের বারঘড়িয়া এলাকায় ইছামতি নদীর উপর নির্মিত কংক্রিটের সেতুর উদ্বোধন হতে চলেছে আগামী ১৪ মার্চ। ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকে ভার্চুয়ালি এই সেতুর শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে তিনটি পঞ্চায়েতের প্রায় ৫০টি গ্রামের লক্ষাধিক মানুষ ইছামতি নদী পারাপারের জন্য বাঁশের সাঁকোর উপর নির্ভরশীল ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটি পাকা সেতু নির্মাণের। সেই দাবি মেনে বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর উদ্যোগ নেন সেতু নির্মাণের।২০২৪ সালে প্রায় ১৬ কোটি টাকা বরাদ্দ করে ১২০ ফুট দীর্ঘ কংক্রিটের সেতুর কাজ শুরু হয়। বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক তারক সাহা জানান, দীর্ঘ সাত বছর ধরে এলাকার মানুষ এই সেতুর দাবি জানিয়ে আসছিলেন।

অবশেষে দুই বছরের মধ্যে সেতু নির্মাণ সম্পূর্ণ হওয়ায় সীমান্ত এলাকার মানুষ পাকা সেতু পেলেন। এই সেতু চালু হলে সাধারণ গ্রামবাসী, কৃষক থেকে শুরু করে ছোট, মাঝারি যানবাহনের চলাচল অনেক সহজ হবে। পাশাপাশি হাসপাতাল, প্রশাসনিক দফতরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবায় পৌঁছনোর পথও আরও মসৃণ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

Related Articles