রাজ্যের খবর
Trending

উত্তপ্ত কেশপুর, দফায় দফায় বিক্ষোভের মুখে হিরণ

Hiran in the face of repeated protests

The Truth Of Bengal: সকাল থেকে দফায় দফায় অশান্তি কেশপুরে। বারবার বিক্ষোভের মুখে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। লাঠি-বাঁশ নিয়ে তাঁর গাড়ির দিকে তেড়ে যেতে দেখা যায় তৃণমূল কর্মী-সমর্থকদের। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভের মধ্য থেকে হিরণ চট্টোপাধ্যায় লক্ষ্য করে দেওয়া হয় ‘চোর’ স্লোগান।

বিক্ষোভের জেরে অনেকক্ষণ গড়িতে আটকে থাকতে হয় হিরণকে। সেই সময় তিনি বলেন, ‘কেশপুরকে পাকিস্তান করে দেওয়া হয়েছে। ঘাটালের আনন্দপুরে স্থানীয়দের সঙ্গেও এক বার কথা কাটাকাটি হয় হিরণের। স্থানীয়দের অভিযোগ, হিরণ এসে গোলমাল বাধিয়েছেন। যার জন্য ভোটদানে বাধার সৃষ্টি হয়। এক পুলিশ আধিকারিকের সঙ্গেও বচসায় জড়াতে দেখা যায় হিরণকে।

হিরণ যেখানে যেখানে গিয়েছেন, প্রয় সব জায়গায় তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয়। এই ঘটনা নিয়ে হিরণের দিকেই দায় ঠেলেছেন তৃণমূল প্রার্থী দেব। তিনি বলেন, ‘আগুন জ্বলছে কেশপুরে। হিরণ নিজেই এই সন্ত্রাসের জন্য দায়ী। কাল সারারাত কেশপুরে ঘুরে টাকা বিলিয়েছে হিরণ। তার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছে মানুষ।‘

এদিন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনতে দেখা যায় হিরণকে। তিনি জানান, কেন্দ্রীয় বাহিনীর প্রতি তাঁর কোনও আস্থা নেই। কেন্দ্রীয় বাহিনীর ডিআইজি তাঁকে অশ্রাব্য ভাষায় গালাগালি করেন। তাঁর বক্তব্য, দলের কর্মীদের নিরাপত্তার জন্য তিনি যোগাযোগ করেছিলেন কেন্দ্রীয় বাহিনীর ডিআইজি-র সঙ্গে। তখন সেখান থেকে তিনি কোনও সহযোগিতা পাননি বলে দাবি তাঁর। উল্টে তাঁকে গালাগালি করা হয়েছে বলে অভিযোগ তোলেন হিরণ।

Related Articles