
The Truth of Bengal: এখন সর্বত্র থিমের পুজো। শহর থেকে গ্রাম– কোনও জায়গা বাদ নেই। তবে কিছু পুজো আজও একইরকম আছে। আগের থেকে দর্শনার্থীদের ভিড় জমলেও ঐতিহ্য ও গরিমা ধরে রেখেছে প্রাচীন সব রাজবাড়ির পুজো। পূর্ব মেদিনীপুরের ২৫০ বছরের প্রাচীন মহিষাদল রাজবাড়ির পুজোয় আজও আগ্রহের কেন্দ্রে থাকে। থিম পুজোয় যেমন ভিড় হয়, তেমনই আজও মানুষের ঢল নামে এই রাজবাড়ির পুজোয়। আগের সেই জৌলুস, আড়ম্বর আজ অনেকটাই কমে গিয়েছে।
কিন্তু নিয়ম মেনেই প্রতিপদে ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো। প্রায় ২৫০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী এই দুর্গাপুজো দেখতে আজও ভিড় জমান দূরদূরান্তের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা। প্রতিমা দর্শন করতে আসেন ভিন জেলা ও অন্য রাজ্যের দর্শনার্থীরাও। রানি জানকীর আমলে আনুমানিক ১৭৭৬ সালে মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো শুরু হয়। সেই সময় থেকেই রাজবাড়ির ঠাকুরদালানে দুর্গাপুজো হয়ে আসছে। রাজত্ব চলে যাওয়ার পর থেকে ধীরে ধীরে রাজবাড়ির দুর্গাপুজোর জৌলুস কমলেও উত্তরাধিকাররা করে আসছেন পুজো।
এই পুজোকে কেন্দ্র করে আগে যাত্রাপালার আসর বসতো। রাজত্ব চলে যাওয়ার পর যাত্রাপালা বন্ধ হয়েছে। তবে পরিবারের সদস্যদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবি গান হয়। আগে সন্ধিপুজোয় কামান দাগা হতো। সে সব এখন অতীত।রাজ্যের পাশাপাশি ভিনরাজ্যের বহু মানুষ এখানে রাজবাড়ি ও রাজবাড়ির পুজো দেখতে আসেন। তাদের কথা ভেবে রাজ পরিবার ও স্থানীয় প্রশাসন রাজবাড়িকে সাজিয়ে তোলার কাজ করছে।
Free Access






