রাজ্যের খবর

ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদ: মগরাহাট ২ নম্বর ব্লকে উত্তাল লাল ঝাণ্ডার মিছিল

এই বিতর্ক মগরাহাটের রাজনৈতিক সমীকরণকে অনেকটাই উত্তপ্ত করে তুলেছে

গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধন ও ‘এসআইআর’ প্রক্রিয়াকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ২ নম্বর ব্লক। বুধবার প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া এবং সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে কয়েক হাজার কর্মী-সমর্থক নিয়ে বিডিও অফিস ঘেরাও করে ডেপুটেশন জমা দিল সিপিআইএম।

দলীয় সূত্রের দাবি, মগরাহাট ২ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় বহু বাসিন্দার নাম রহস্যজনকভাবে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। বিশেষ করে ‘এসআইআর’ বা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের সময় সঠিক নথি থাকা সত্ত্বেও অনেককে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ। এদিন সকালে মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী চন্দন সাহার নেতৃত্বে লাল পতাকায় সজ্জিত বিশাল মিছিল ব্লক অফিস চত্বরে পৌঁছায়। বিক্ষোভকারীরা ‘গণতন্ত্র বাঁচাও’ ও ‘ভোটার তালিকায় কারচুপি বন্ধ করো’ স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে চন্দন সাহা ক্ষোভ উগরে দিয়ে বলেন, “এসআইআর-এর নামে সাধারণ মানুষের ওপর প্রশাসনিক অত্যাচার চালানো হচ্ছে। পরিকল্পিতভাবে প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চলছে। এটা গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে এই নামগুলো তালিকায় অন্তর্ভুক্ত না করলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব।”

সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, এই ধরনের পদক্ষেপের মাধ্যমে বিরোধী ভোট কমানোর কৌশল নেওয়া হচ্ছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাপ্ত অভিযোগগুলি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে এবং নিয়মমাফিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের মুখে ভোটার তালিকা নিয়ে এই বিতর্ক মগরাহাটের রাজনৈতিক সমীকরণকে অনেকটাই উত্তপ্ত করে তুলেছে।

Related Articles