প্রার্থী তালিকায় ফের বদল, ৮ আসনে নতুন প্রার্থী কংগ্রেসের
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে আট আসনে প্রার্থী বদল করল জাতীয় কংগ্রেস।
Truth of Bengal: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে আট আসনে প্রার্থী বদল করল জাতীয় কংগ্রেস। বুধবারই বিজ্ঞপ্তি জারি করে কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে, নাকাশিপাড়া, চাপড়া, হাবড়া, মিনাখাঁ, রায়না, মন্দিরবাজার, কেতুগ্রাম এবং আউশগ্রাম – এই আটটি আসনে আগের প্রার্থীদের সরিয়ে নতুন প্রার্থী আনা হয়েছে।
নদিয়ার নাকাশিপাড়ায় গোলাম কিবরিয়া মণ্ডলের বদলে টিকিট পেয়েছেন তাহির শেখ। চাপড়ায় রহিদুল মণ্ডলের পরিবর্তে লড়বেন আসিফ খান। উত্তর ২৪ পরগনার হাবড়ায় প্রার্থী প্রণব ভট্টাচার্য। মিনাখাঁয় বর্ণালী নস্করের জায়গায় প্রার্থী সুনয়না বিশ্বাস। বর্ধমানের রায়নায় অনীক সাহার বদলে পম্পা মালিককে প্রার্থী করা হয়েছে। এছাড়াও কেতুগ্রামে মহম্মদ মফিরুল কাসেমের বদলে প্রার্থী হচ্ছেন শেখ আবু বাকর। আউশগ্রামে নিশা বড়ালের পরিবর্তে তাপস বড়ালকে লড়াইয়ের ময়দানে নামিয়েছে কংগ্রেস। মন্দিরবাজার আসনেও প্রার্থী বদল করা হয়েছে। ডাঃ কৌশিক বৈদ্যর পরিবর্তে সেই আসনে প্রার্থী করা হয়েছে চাঁদ সর্দারকে।
উল্লেখ্য, গত ১৫ মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই পাহাড়ের তিনটি আসন পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তার পরেই বিজেপি ও বামফ্রন্ট তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে। কিন্তু শতাব্দী প্রাচীন জাতীয় কংগ্রেসের তরফে প্রার্থীদের নাম ঘোষণা না হওয়ায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে অপেক্ষা দীর্ঘতর হচ্ছিল। অবশেষে কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রদেশ নেতৃত্বের উপস্থিতিতে ২৮৪ আসনে প্রার্থী ঘোষণা করে কংগ্রেস। পরে আরও একটি তালিকায় বাকি ১০ প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এবার তার মধ্যেই ৮টি আসনে প্রার্থীদের নাম বদল করল জাতীয় কংগ্রেস।






