রাজ্যের খবর

শালী নদীর উপর ব্রিজ বিপজ্জনক, অবিলম্বে সংস্কারের দাবি

Bridge over Shali River is dangerous, immediate repairs demanded

Truth Of Bengal: কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের হামিরপুর গ্রাম পঞ্চায়েতের খোসালপুর সংলগ্ন শালী নদীর উপর অবস্থিত ব্রিজটির বেহাল দশা দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পাঁচ-ছয় বছর ধরে এই ব্রিজটি একেবারে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও সংস্কারের উদ্যোগ চোখে পড়েনি।

ব্রিজের উপর দিয়ে প্রতিদিন শত শত সাধারণ মানুষ, স্কুল-কলেজ পড়ুয়া ও রোগী বহনকারী যানবাহন যাতায়াত করে। বিশেষত, বালি বোঝাই ট্রাক্টরের ভারে ব্রিজটি আরও নড়বড়ে হয়ে উঠছে। বর্ষার সময় শালী নদীর জল বেড়ে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ব্রিজের গার্ডওয়াল ভেঙে যাওয়া, নিচের মাটি সরে যাওয়া এবং রেলিংয়ের রড বেরিয়ে আসা ইত্যাদি সমস্যায় তা একেবারে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দু’বছর আগে বন্যার সময় বিডিও এলাকা পরিদর্শনে এলেও তার পর থেকে কোনও কাজ শুরু হয়নি। টোটোচালক প্রদীপ রায় ও গ্রামবাসী মমতা বাগদি, ধীরেন বাগদি সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে হামিরপুর পঞ্চায়েতের উপপ্রধান আসগর আলী জানিয়েছেন, সমস্যাটি বিডিও-র নজরে আছে এবং দ্রুত সমাধানের আশ্বাসও দিয়েছেন।

বাম আমলে তৈরি এই ব্রিজটি কবে সংস্কার হবে, তা নিয়েই এখন উদ্বিগ্ন গোটা এলাকা। প্রশাসনের দৃষ্টিপাতের অপেক্ষায় রয়েছে হাজারো মানুষের প্রাণ।

Related Articles