দ্বিতীয় দিনেও বালুরঘাট প্রধান ডাকঘরে বোমা-হুমকি, ফের তল্লাশি পুলিশের
জানা গিয়েছে, ডাকঘরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে একটি ই-মেল আসে।

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: টানা দ্বিতীয় দিন। ফের বোমা-আতঙ্কে চাঞ্চল্য ছড়াল বালুরঘাট প্রধান ডাকঘরে। শুক্রবার সকালেও ডাকঘর কর্তৃপক্ষের কাছে একই ধরনের সতর্কবার্তা পৌঁছয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। গতকালের মতোই বোমা স্কোয়াড এনে পুরো এলাকা তল্লাশি করা হয়। তবে শেষ পর্যন্ত কোনও বিস্ফোরক মেলেনি। জানা গিয়েছে, ডাকঘরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে একটি ই-মেল আসে। সেই মেলটি পাঠানো হয়েছিল পাসপোর্ট পরিষেবা কেন্দ্রের উদ্দেশ্যে।
বাংলায় লেখা ওই বার্তায় উল্লেখ ছিল, ‘গতকাল আমরা পুলিশকে পরীক্ষা করতে চেয়েছিলাম। আজ পবিত্র শুক্রবার, আজ আসল জিহাদ।’ এই বার্তা ছড়িয়ে পড়তেই ডাকঘর চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সাধারণ গ্রাহক থেকে কর্মী, সকলেই উদ্বিগ্ন হয়ে পড়েন। প্রধান ডাকঘরের পোস্টমাস্টার সুবলচন্দ্র বিশ্বাস বলেন, “বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক। আমরা প্রতিদিনের মতো স্বাভাবিক কাজকর্ম করছি। তার মধ্যেই যদি এ ধরনের হুমকি আসে, তাহলে স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয়।” তাঁর কথায়, প্রাথমিকভাবে গোটা বিষয়টিকে ভুয়ো বলেই মনে হচ্ছে।
তবে নিরাপত্তার স্বার্থে কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেলটির উৎস খতিয়ে দেখা হচ্ছে। সাইবার শাখার সাহায্যও নেওয়া হয়েছে। একই সঙ্গে এলাকায় যাতে আর কোনও গুজব বা আতঙ্ক ছড়াতে না পারে, সে দিকেও নজর রাখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে শান্ত থাকার আবেদন জানানো হয়েছে।






