অতিরিক্ত কাজের জন্য চাপ, সালানপুরে বিএলও-দের বিক্ষোভ
সালানপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতরের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে বসেন তাঁরা।
উজ্জ্বল দাশগুপ্ত, আসানসোল: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। প্রথম দফার কাজ শেষ হলেও অভিযোগ, নতুন নতুন নির্দেশিকা ও অ্যাপ-আপডেটের জেরে বাড়তি চাপের মুখে পড়েছেন বিএলওরা। অন্যান্য রাজ্যে এসআইআরের সময়সীমা বাড়ানো হলেও পশ্চিমবঙ্গে তা বাড়ানো হয়নি।
এই পরিস্থিতিতে শুক্রবার সালানপুর ব্লকের প্রায় ১৪৩ জন বিএলও একসঙ্গে বিক্ষোভে দেখান। সালানপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতরের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে বসেন তাঁরা। বিএলওদের অভিযোগ, শুরুতে শুধু এসআইআর ফর্ম বিলি ও সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছিল। পরে বলা হয় ফর্ম আপলোড করতে। তার পর নতুন করে জানানো হয়, যেসব ফর্মে ত্রুটি রয়েছে সেগুলি ফের যাচাই করে তথ্য সংগ্রহ করে পুনরায় জমা দিতে হবে।
ডিজিটাইজেশনের কাজ প্রায় শেষ হওয়ার পরেও বৃহস্পতিবারের পর থেকে তাঁদের অ্যাপে আসছে নিত্য নতুন আপডেট ও অতিরিক্ত নথি জমা দেওয়ার নির্দেশ। একদিনের মধ্যে নতুন ডকুমেন্ট আপলোডের নির্দেশে কার্যত বিভ্রান্তিতে পড়েছেন অনেকেই।বিএলওদের দাবি, প্রথম দিন থেকেই আমাদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছে। এত কাজ শেষ করার পরেও হঠাৎ করে নতুন নির্দেশ মানা সম্ভব নয়। তাঁদের অভিযোগ, অতিরিক্ত চাপের জেরে বিভিন্ন রাজ্যে একাধিক বিএলও অসুস্থ হয়েছেন, এমনকি মৃত্যু ও আত্মহত্যার ঘটনাও ঘটেছে। তবুও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনও সহমর্মিতা দেখা যাচ্ছে না বলে অভিযোগ তোলেন তাঁরা।
শুক্রবার বিডিও অফিসের সামনে ধরনা অবস্থান চালিয়ে নিজেরা মুখে তাঁদের সমস্যার কথা জানান সমষ্টি উন্নয়ন আধিকারিককে। প্রশ্ন তুলেছেন ১১ ডিসেম্বর এসআইআর কাজ শেষ হওয়ার পরেও কেন নতুন করে কাজ দেওয়া হচ্ছে? নতুন ফরমান প্রত্যাহার ও বাড়তি চাপ বন্ধের দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন সালানপুরের বিএলওরা।






