রাজ্যের খবর

ভাতা নিয়ে মহিলাদের উদ্দেশে আপত্তিজনক মন্তব্য বিজেপি বিধায়কের

অসীম সরকারের বক্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

মন্টু সাহাজী, বসিরহাট: রাজ্যের দেওয়া ভাতা নিয়ে মহিলাদের উদ্দেশে আপত্তিকর শব্দ প্রয়োগ বিজেপি বিধায়কের। অসীম সরকারের বক্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এর আগেও তিনি নানা আপত্তিকর কথা বলেছেন। এবার রাজ্যের মহিলাদের উদ্দেশে আপত্তিকর কথা। উত্তর ২৪ পরগনার বসিরহাটে তেঁতুলিয়ায় আয়োজিত বিজেপির পরিবর্তন যাত্রায় হরিণঘাটার বিধায়ক তথা লোকসংগীত শিল্পী অসীম সরকারের এই মন্তব্যকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট নেতারা। তাঁদের উপস্থিতিতেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগীদের লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ।

বিধায়ক অসীম সরকার তাঁর বক্তব্যে দাবি করেন যে, রাজ্যের যুবক-যুবতীরা বর্তমানে মাসে ১৫০০ টাকা করে সরকারি ভাতা পাচ্ছেন, কিন্তু ভবিষ্যতে এই ভাতার কারণে তাঁদের জীবন ও সামাজিক অবস্থানে সমস্যা তৈরি হবে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার বা যুবশ্রীর মতো প্রকল্পের সুবিধাভোগীদের উদ্দেশ্য করে তাঁর করা মন্তব্যকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। অভিযোগ উঠেছে যে, রাজ্যের নারীদের সম্মানহানি করে তিনি অত্যন্ত কুরুচিকর ভাষা প্রয়োগ করেছেন, যা বাংলার কৃষ্টি ও সংস্কৃতির পরিপন্থী।

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। স্বরূপনগর দক্ষিণ ব্লকের যুব তৃণমূল সভাপতি সঞ্জীব পাল পাল্টা আক্রমণ শানিয়ে বলেন, মহিলাদের এবং আত্মনির্ভর হওয়ার চেষ্টায় থাকা মানুষকে এভাবে অপমান করা বিজেপির আসল সংস্কৃতি। তিনি আরও বলেন, বিজেপি বাংলার মানুষের জন্য ইতিবাচক কিছু করতে না পেরে এখন নারী সমাজকে অসম্মান করছে। এই ধরনের মন্তব্যের উপযুক্ত জবাব ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ ব্যালট বক্সের মাধ্যমে দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

Related Articles