রাজ্যের খবর

বেঙ্গালুরুতে  কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের

মঙ্গলবার বিকেলে বেঙ্গালুরুতে কাজ শেষ করে বেরোনোর সময় রাস্তা পার হচ্ছিলেন আনসারুল।

Truth Of Bengal: কল্যাণ বিশ্বাস, মুর্শিদাবাদ: ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের।পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম আনসারুল সেখ (২৯)। তাঁর বাড়ি  ফরাক্কার ইমামনগর পঞ্চায়েতের উত্তরপাড়া এলাকায়। প্রায় ১৫ দিন আগে পেটের টানে রাজমিস্ত্রির কাজ করতে বেঙ্গালুরুতে একটি বেসরকারি কোম্পানিতে কাজ নিতে যান তিনি। মঙ্গলবার বিকেলে বেঙ্গালুরুতে কাজ শেষ করে বেরোনোর সময় রাস্তা পার হচ্ছিলেন আনসারুল। সেই সময় পিছন দিক থেকে একটি লরি তাঁকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।আনসারুল সেখের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানানো হয়েছে, ময়নাতদন্তের পর মৃতদেহ নিয়ে ফরাক্কার উদ্দেশে রওনা দিয়েছে পরিবার। ফরাক্কার ইমামনগর পঞ্চায়েতের উত্তরপাড়ার বাড়িতে আনসারুল সেখের মৃতদেহ পৌঁছানোর কথা। তবে কি করে দুর্ঘটনায় মৃত্যু হল আনসারুল সেখের তা স্পষ্ট নয়।

এই নিয়ে বেঙ্গালুরু প্রশাসনের তরফে মেলেনি কোন প্রতিক্রিয়া। উল্লেখ্য, কিছুদিন আগেই প্রথম সন্তানের মুখ দেখার আগেই মর্মান্তিক মৃত্যু হয়েছে নওদার এক পরিযায়ী শ্রমিকের। কর্ণাটকের বেঙ্গালুরুতে পাইপলাইনের কাজে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান ২৩ বছরের রবিউল শেখ।  স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে জীবিকার তাগিদে বেঙ্গালুরুতে কাজ করতে যান রবিউল। কাজ চলাকালীন অসাবধানতাবশত বুকে রড ঢুকে গুরুতর আহত হন তিনি। সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়।  মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। সন্তানসম্ভবা স্ত্রী ও পরিবার কান্নায় ভেঙে পড়েন। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের মৃত্যু হল মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের।

Related Articles