
The Truth Of Bengal : ইজরায়েলের সঙ্গে গুগলের চুক্তির বিরোধিতা করে এবার বিক্ষোভ কর্মসূচি খোদ গুগলের কর্মীদের একাংশের। গুগলের নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া এবং সানিভেলে দফতরে এই বিক্ষোভ সংগঠিত হয় বলে জানা গিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করায় এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সংস্থার বেশ কয়েকজন কর্মীকে। গুগলের দুটি অফিসে বিক্ষোভে অংশ নেওয়ার অপরাধে মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের একটি ভিডিও এক বিক্ষোভকারী সোশ্যাল মিডিয়ায় সামনে আনেন।
বিক্ষোভকারীদের হঠাতে নিউইয়র্ক পুলিশকে খবর দেয় সংশ্লিষ্ট সংস্থা। এক বিক্ষোভকারীর দাবি, পুলিশ ঘটনাস্থলে বিক্ষোভ তুলতে এসে আন্দোলনকারীদের বাধ্য করে বিক্ষোভ তুলে নিতে। পুলিশের কথা না শোনায় ৯ জনকে গ্রেফতার করা হয়। গুগল কর্তৃপক্ষের সূত্রে জানা গিয়েছে, যারা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিল তাদের অফিসিয়াল তদন্তের মুখে পড়তে হবে। এই মুহূর্তে তারা কাজে যোগ দিতে পারবেন না যতক্ষণ না তদন্ত রিপোর্ট সামনে আসছে। আপাতত ছুটিতে থাকতে হবে তাদের।
এছাড়াও বেশ কিছু অভিযোগ সামনে এসেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। গুগল কর্তৃপক্ষের তরফে সেই অভিযোগগুলো সামনে আনা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য কাজে যোগ দিতে আসা কর্মীদের বাধা দান। কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে বারবার বারণ সত্ত্বেও আন্দোলনকারীরা দফতর ছেড়ে বেরিয়ে যেতে রাজি হননি। ইজরাইলের সঙ্গে চুক্তি নিয়ে গুগলের কর্মীদের এই ধরনের বিক্ষোভের ঘটনা নজিরবিহীন। অভ্যন্তরীণ কোন বিষয়ে কর্মীদের এইভাবে প্রতিবাদ করার ঘটনাও এক প্রকার নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার।






