ইংল্যান্ডের কাছে পাকিস্তানের হারে ক্ষুব্ধ শোয়েব আখতার
ম্যাচের আগে এক অনুষ্ঠানে আখতার মন্তব্য করেছিলেন, ইংল্যান্ড যদি খারাপ খেলে তবে পাকিস্তানের পথ সহজ হবে।
Truth Of Bengal: টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে হারের পর পাকিস্তান শিবিরে নেমেছে হতাশার ছায়া। এই পরাজয়ে সেমিফাইনালে পৌঁছনোর সমীকরণ এখন অনেকটাই জটিল হয়ে গেছে তাদের জন্য। ম্যাচের আগে আশাবাদী সুর শোনা গেলেও ফলাফল পুরো উল্টো হওয়ায় লাইভ টেলিভিশনেই ক্ষোভ প্রকাশ করেন দেশটির প্রাক্তন পেসার শোয়েব আখতার।
ম্যাচের আগে এক অনুষ্ঠানে আখতার মন্তব্য করেছিলেন, ইংল্যান্ড যদি খারাপ খেলে তবে পাকিস্তানের পথ সহজ হবে। এমনকি ভারত বিদায় নিলে এবং পাকিস্তান সেমিফাইনালে উঠলে সেটাই হবে সবচেয়ে বড় তৃপ্তি—এমন কথাও বলেন তিনি। কিন্তু মাঠের লড়াইয়ে বাস্তবতা ছিল ভিন্ন।
১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরুতেই চাপে পড়ে যায়। ৫৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ম্যাচ প্রায় হাতছাড়া হওয়ার উপক্রম। সেখান থেকেই ঘুরে দাঁড়ান অধিনায়ক হ্যারি ব্রুক। মাত্র ৫১ বলে ১০০ রানের দুরন্ত ইনিংস খেলে তিনি ম্যাচের রাশ টেনে নেন নিজের হাতে। টি-২০ বিশ্বকাপ ইতিহাসে অধিনায়ক হিসাবে এটি প্রথম সেঞ্চুরির নজির।
শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ১৬৬ রান তুলে ২ উইকেটে জয় নিশ্চিত করে ইংল্যান্ড। জয়ের রানটি আসে জফ্রা আর্চার-এর ব্যাট থেকে। পাকিস্তানের পক্ষে লড়াই করেছেন শাহীন আফ্রিদি। ৩০ রান দিয়ে ৪ উইকেট নিলেও দলকে জেতাতে তা যথেষ্ট হয়নি।
ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সলমন আলি আগা স্বীকার করেন, ব্রুক বরাবরই তাদের জন্য বড় হুমকি। তাঁর কথায়, ইংল্যান্ডের বিপক্ষে হারগুলিতে প্রায়ই ব্রুক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মাঠের চারদিকে শট খেলার দক্ষতা তাঁকে আরও বিপজ্জনক করে তোলে, ফলে বোলারদের জন্য পরিকল্পনা কার্যকর করা কঠিন হয়ে পড়ে।
এই হারের পর অধিনায়ক আগার নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন আখতার। পাকিস্তান ক্রিকেট বোর্ড যখন আগাকে নেতৃত্বের দায়িত্ব দেয়, তখন প্রথমদিকে তাঁকে সমর্থন করেছিলেন আখতারই। তবে বড় ম্যাচে ব্যর্থতার পর তাঁর অবস্থানে বদল স্পষ্ট।
ইংল্যান্ড ইতিমধ্যেই সুপার এইট থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে পাকিস্তানের ভাগ্য এখন অনেকটাই নির্ভর করছে বাকি ম্যাচগুলির ফলাফলের উপর। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেলেও অন্য সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।
তবু আশা ছাড়ছেন না অধিনায়ক আগা। তাঁর বার্তা স্পষ্ট, “১ শতাংশ সুযোগ থাকলেও আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।” এখন দেখার, ভাগ্য তাদের পক্ষে হাসে কি না।





