Shami-Marriage: হাসিনকে বিয়ে করাটাই ‘জীবনের সবচেয়ে বড় ভুল’: শামি
‘আপ কি আদালত’ নামক এক টেলিভিশনের অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্যই করলেন ভারতীয় পেসার।
Truth Of Bengal: হাসিন জাহানকে বিয়ে করাটাই ‘তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল’ বলে মন্তব্য করলেন পেসার মহম্মদ শামি। ‘আপ কি আদালত’ নামক এক টেলিভিশনের অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্যই করলেন ভারতীয় পেসার। শামি তুলে ধরেন বিরাটের সঙ্গে তাঁর সম্পর্কের প্রসঙ্গও।
প্রসঙ্গত, জাতীয় দলের এই পেসারের সঙ্গে হাসিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ২০১৪ সালে। মাত্র চার বছর তাঁদের দাম্পত্য জীবন স্থায়ী হয়। এরপরই সম্পর্কের অবনতি ঘটে শামি ও হাসিনের মধ্যে। এবং বিচ্ছেদের মামলাও দায়ের হয় আদালতে। বর্তমানে শামি ও হাসিন একে ওপরের বিপক্ষে একের পর এক অভিযোগ করে চলেছেন। এবার নিজের বিবাহ সম্পর্কেই মন্তব্য করলেন শামি।
তিনি বলেন, ‘জীবন থেকে অনেক কিছু শেখা যায়। এই কথাটা অতি বাস্তব। যেটা আমিও বুঝতে পেরেছি। আসলে আমার জীবনে সবচেয়ে বড় ভুল হল হাসিন জাহানকে বিয়ে করা। তবে যেটা ভুল, সেটা মেনে নেওয়াই ভাল। এই ব্যাপারে আমি কাউকে দোষারোপ করতে চাই না। একটাই কথা শুধু মনে করি যে আমার ভাগ্য অত্যন্ত খারাপ। না হলে এইরকম হওয়ার কথা নয়।’
এখানেই শেষ নয়, নিজের পারিবারিক জীবনে এত ঝড় সামাল দিয়েই কিভাবে নিজেকে আন্তর্জাতিক মঞ্চে এত সাফল্য পেয়েছিলেন তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শামি বলেন, ‘কঠিন এই সময়ে নিজেকে ক্রিকেটের মঞ্চে মেলে ধরে পারফরম্যান্স করা অত্যন্ত শক্ত। পুরনো বিষয়গুলি সব সময়ই মনের মাঝে উঁকি মারতে থাকে। আর যখন আন্তর্জাতিক মঞ্চে ক্রিকেট খেলতে হয়েছে, তখন মন পুরো অন্য দিকে ঘুরিয়ে রাখতে হয়েছে। যাতে ওই স্মৃতিগুলি আবার ফিরে না আসে। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।’
এরপর শামির কাছে জানতে চাওয়া হয়, যখন থেকে ঝামেলার সূত্রপাত, তখন থেকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন কি না? এই প্রশ্নের উত্তরে শামির স্পষ্ট জবাব ‘এই পৃথিবীতে এমন কোনও মানুষ আছেন নাকি, যিনি তাঁর সংসারের অশান্ত জিইয়ে রাখতে পছন্দ করেন। যদি থেকে থাকেন, তাহলে আমার তা জানা ছিল না। আমি এইটুকু বলতে পারি, আমার সংসারে যখন অশান্তি শুরু হয়, তখন থেকে এই সমস্যা যাতে মিটে যায়, তার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকি। কিন্তু তাতে লাভের লাভ হয়নি। মনে রাখতে হবে একপক্ষ দ্বারা কোনওকিছুর মীমাংসা হয় না। দুই পক্ষের দরকার হয়।’
হাসিনের সঙ্গে বিবাদের জেরে শামিকে নানা কটূক্তিও শুনতে হয়েছে বিভিন্ন সময়ে। সেই বিষয়ে জাতীয় দলের পেসার বলেন, ‘আমাকে নিয়ে এমন ছবিও প্রকাশ করা হয়েছিল যেগুলি দেখে অবাক হয়ে গিয়েছিলাম। শুধু তাই নয়, এমন অভিযোগও করা হয়েছিল আমার নামে, যেগুলি অপরাধীদের নামেও শোনা যায় না। যা শুনে সত্যিই হতাশ হয়েছিলাম। ভাবতে পারিনি আমাকে নিয়ে এইরকম করা হবে।’
তবে কঠিন সময়ে সতীর্থ খেলোয়াড় হিসেবে যাঁদের পাশে পেয়েছেন, সেই কপিলদেব থেকে শুরু করে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিদের। এরপর দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে শামির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় বিরাটকে। প্রাক্তন অধিনায়কের সঙ্গে তাঁর মায়ের সম্পর্ক যে অত্যন্ত ভাল, তাও জানান শামি। তিনি বলেন, ‘কোহলির সঙ্গে মায়ের অনেকবার ফোনে কথা হয়েছিল, তারপর দুবাইতে প্রথম দেখা। মা মাঠে এসেছে আমার কাছ থেকে শুনেই ও মাঠে এসে মাকে প্রণাম করে। তবে বিরাট ভাই আমাকে যে অলস বলেছেন, এটা নিয়ে আমি ভাবি না।’






