খেলা

পাক তারকা নাসিম শাহের বাড়িতে দুষ্কৃতী হামলা

এই ঘটনার পরও নাসিম শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের সিরিজ খেলতে দলের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

Truth Of Bengal: গত সোমবার পাকিস্তান ক্রিকেটার নাসিম শাহের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাসিমের বাড়ি হল লোহার দিরে। সেখানেই হামলা চালায় একদল দুর্বৃত্ত। তাদের ছোঁড়া গুলিতে কেউ হতাহত না হলেও নাসিমের বাড়ির গেটে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পরও নাসিম শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের সিরিজ খেলতে দলের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, গুলি চালিয়েই হামলাকারী ঘটনাস্থল থেকে উধাও হয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই হামলার সময় নাসিমের বাড়িতে কারা কারা ছিলেন তা স্পষ্ট করে জানা যায়নি। এদিকে এক বহুল প্রচলিত সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, হামলার পরই নাসিমের পরিবারের এক সদস্য ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্তাদের সঙ্গে গোটা ঘটনার বিবরণ দিয়ে কথা বলেন। এবং পুলিশের পক্ষ থেকে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও উপযুক্ত তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, নাসিমের জন্মস্থান পাখতুনখোয়া প্রদেশে। এদিকে যেহেতু বেলুচিস্তানে বালুচ লিবারেশন আর্মি সদস্যদের সঙ্গে পাক প্রশাসনের দীর্ঘদিন ধরে বিবাদ চলছে, এবং ওই অঞ্চলের অধিবাসীরা পাক সেনাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সরবও হয়েছে। এখন এই হামলা তাদের কাণ্ড কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।

Related Articles