খেলা

হারতে হারতে সেমিফাইনালে! মুসেত্তির চোখের জলে মেলবোর্নে ‘লাইফলাইন’ পেলেন জোকোভিচ

বাড়তে থাকে জোকোভিচের ভুলের সংখ্যাও। শেষ পর্যন্ত প্রথম সেট ৬-৪ এবং দ্বিতীয় সেট ৬-৩ ব্যবধানে জিতে নেন ২৩ বছর বয়সি ইতালিয়ান।

Truth of Bengal: অস্ট্রেলিয়ান ওপেনে দুই সেটে পিছিয়ে পড়ার পর নোভাক জোকোভিচের থাকা নিয়ে তৈরী হয়েছিল সংশয়। শেষ পর্যন্ত বদলে যায় চিত্র। তৃতীয় সেটে উরুর চোটে খেলা চালিয়ে যেতে না পারায় ওয়াকওভার দিতে বাধ্য হন মুসেত্তি। সেই সুবাদেই কিছুটা ভাগ্যের সহায়তায় সেমিফাইনালে পৌঁছে গেলেন জোকোভিচ।মেলবোর্নে কোয়ার্টার ফাইনালের শুরু থেকেই আত্মবিশ্বাসী মুসেত্তির দাপট স্পষ্ট ছিল। প্রথম সেটে ২-০ গেমে এগিয়ে গিয়েও ছন্দ হারান জোকোভিচ। একের পর এক দর্শনীয় ব্যাকহ্যান্ডে সার্বিয়ান কিংবদন্তিকে চাপে রাখেন মুসেত্তি। বাড়তে থাকে জোকোভিচের ভুলের সংখ্যাও। শেষ পর্যন্ত প্রথম সেট ৬-৪ এবং দ্বিতীয় সেট ৬-৩ ব্যবধানে জিতে নেন ২৩ বছর বয়সি ইতালিয়ান।

তৃতীয় সেটের শুরুতেই ডান উরুতে যন্ত্রণায় ভেঙে পড়েন মুসেত্তি। মেডিক্যাল টাইম আউট নিলেও স্বাভাবিক নড়াচড়া করতে পারছিলেন না তিনি। সেই সময়েই ধীরে ধীরে হারানো ছন্দ ফিরে পান জোকোভিচ এবং প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে শুরু করেন। তৃতীয় সেটে ৩-১ পিছিয়ে পড়ার পর নেটের কাছে এসে জোকোভিচের সঙ্গে হাত মিলিয়ে ম্যাচ ছেড়ে দেন মুসেত্তি। কোর্ট ছাড়ার সময় তাঁকে দলের এক সদস্যের সাহায্য নিতে হয়, যা দর্শকদের আবেগপ্রবণ করে তোলে। ম্যাচের পরে জোকোভিচ নিজেও স্বীকার করে নেন, বিদায়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি। বলেন, “মুসেত্তির জন্য খুব খারাপ লাগছে। আজ ও-ই আমার থেকে অনেক ভালো খেলছিল।

পুরো ম্যাচটা হলে হয়তো আমিই বিদায় নিতাম।” যোগ করেন, গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ দুই সেটে এগিয়ে থাকার পরে ওয়াকওভারের ঘটনা আমার মনে পড়ছে না। আজকের ম্যাচে জয়টা ওরই প্রাপ্য ছিল।জোকোভিচ আরও জানান, পুরো ম্যাচ জুড়ে মুসেত্তির ব্যাকহ্যান্ডের সামনে তিনি অসহায় ছিলেন। তাঁর কথায়, প্রথম দু’টি গেমে চারটি উইনার মারার পরে বাকি ম্যাচে মাত্র চার বার উইনার মারতে পেরেছি। অথচ হয়তো ৪০টির মতো আনফোর্সড এরর হয়েছে। উল্লেখ্য,  চতুর্থ রাউন্ডেও প্রতিপক্ষ ইয়াকুব মেনশিক চোটের কারণে ম্যাচ খেলতে না পারায় সরাসরি এগিয়ে গিয়েছিলেন জোকোভিচ। টানা দুই ম্যাচে প্রতিপক্ষের চোটে সুবিধা পেলেও, নিজের ফর্ম নিয়ে যে তিনি চিন্তিত, তা স্পষ্ট তাঁর কথাতেই।

Related Articles