বিতর্কের মাঝেই অনিশ্চিত আবরারের সানরাইজার্স লিডসের জার্সিতে খেলা
পাকিস্তানের আন্তর্জাতিক সূচির কারণে আবরারের খেলার সম্ভাবনা অনিশ্চিত
Truth Of Bengal: পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে দলে নেওয়ার পর থেকেই প্রবল সমালোচনার মুখে পড়েছে সানরাইজার্স লিডস। নিলামে তাঁকে দলে নেওয়ার পর সামাজিক মাধ্যম ও ক্রিকেটমহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। তবে শেষ পর্যন্ত হয়তো এই টুর্নামেন্টেই খেলতে পারবেন না আবরার—এমন সম্ভাবনাই জোরালো হচ্ছে।
লন্ডনে অনুষ্ঠিত নিলামে প্রায় দুই কোটি চৌত্রিশ লক্ষ টাকার বিনিময়ে আবরার আহমেদকে দলে নেয় সানরাইজার্স লিডস। এই ফ্র্যাঞ্চাইজির অধীনেই রয়েছে ভারতের সানরাইজার্স হায়দরাবাদ এবং দক্ষিণ আফ্রিকার সানরাইজার্স ইস্টার্ন কেপ দলও। কিন্তু আন্তর্জাতিক দায়িত্বের কারণে আবরারের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
জানা গিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড হয়তো তাঁকে ‘নো অবজেকশন’ দেবে না। কারণ একই সময়ে পাকিস্তান দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি রয়েছে। আগামী ১৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। আর ঠিক সেই সময়েই শুরু হবে এই টুর্নামেন্ট, যা চলবে ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত।
এক সূত্র জানায়, পাকিস্তানের আন্তর্জাতিক সূচির কারণে আবরারের খেলার সম্ভাবনা অনিশ্চিত। যদিও তাঁর এজেন্ট নিলামে নাম তুলেছেন বলেই মনে করা হচ্ছে, ‘নো অবজেকশন’ পাওয়ার ব্যাপারে কিছুটা আশাবাদী ছিলেন তিনি। পাকিস্তান বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গেও আবরারের সম্পর্ক ভাল বলেই জানা গিয়েছে। তবুও শেষ পর্যন্ত তাঁর খেলা নিয়ে সম্ভাবনা এখন প্রায় অর্ধেক-অর্ধেক।
এদিকে দলের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টোরি জানিয়েছেন, শক্তিশালী স্পিন আক্রমণ গড়তেই আবরারকে দলে নেওয়া হয়েছে। ইংল্যান্ডের অভিজ্ঞ স্পিনার আদিল রশিদকে না পাওয়ার পর একজন মানসম্পন্ন স্পিনারের প্রয়োজন ছিল তাঁদের।
ভেট্টোরির কথায়, সেই মানের স্থানীয় স্পিনার পাওয়া কঠিন হওয়ায় বিদেশি ক্রিকেটারদের দিকে নজর দিতে হয়েছে। আবরার আহমেদ ছাড়াও রিশাদ হোসেন ও উসমান তারিকের নামও তাদের তালিকায় ছিল।
উল্লেখ্য, সান টিভি গ্রুপ সম্প্রতি এই ফ্র্যাঞ্চাইজির মালিকানা নেয়। আগে দলটির নাম ছিল নর্দার্ন সুপারচার্জার্স। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এবং ইয়র্কশায়ার কাউন্টি থেকে প্রায় একশো মিলিয়ন পাউন্ডের বিনিময়ে শেয়ার কিনে নেয় তারা। এখন দেখার বিষয়, বিতর্কের মাঝেও শেষ পর্যন্ত আবরার আহমেদ আদৌ এই দলের হয়ে মাঠে নামতে পারেন কি না।






