২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা, আপনার নাম আছে তো? জেনে নিন পদ্ধতি
ভোটার তালিকায় নিজের নাম রয়েছে কি না তা যাচাই করার জন্য কমিশন একাধিক সহজ পথ খোলা রেখেছে
Truth of Bengal: ২৮ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই তালিকা প্রকাশের তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। ভোটদাতার তালিকায় নিজের নাম বহাল আছে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেমন কৌতূহল রয়েছে, তেমনই রয়েছে আশঙ্কার চোরাস্রোত। তবে দুশ্চিন্তার কারণ নেই, ভোটার তালিকায় নিজের নাম রয়েছে কি না তা যাচাই করার জন্য কমিশন একাধিক সহজ পথ খোলা রেখেছে।
অনলাইনে যারা সাবলীল, তাঁরা খুব সহজেই ঘরে বসে নিজের নাম পরীক্ষা করে নিতে পারেন। জাতীয় নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট eci.gov.in-এ গেলে এই তালিকা দেখা যাবে। এ ছাড়াও রাজ্যের বাসিন্দারা সরাসরি পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের নিজস্ব ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in ভিজিট করতে পারেন। সেখানে জেলা ও বিধানসভা ভিত্তিক চূড়ান্ত তালিকা আপলোড করা হবে। স্মার্টফোন ব্যবহারকারীরা চাইলে নির্বাচন কমিশনের নির্দিষ্ট অ্যাপ ‘ECINET’ ব্যবহার করেও নিজের যাবতীয় তথ্য দেখে নিতে পারেন। অ্যাপে গিয়ে নাম অথবা এপিক নম্বর দিলেই স্ক্রিনে ভেসে উঠবে বিস্তারিত তথ্য। অনেকের মনেই প্রশ্ন জাগে যে, তালিকায় নাম নেই কেন বা ভোটার কার্ড থাকা সত্ত্বেও তথ্য দেখাচ্ছে না কেন? কমিশন সূত্রে খবর, যদি কোনো কারণে কারও নাম তালিকা থেকে বাদ গিয়ে থাকে, তবে এপিক নম্বর দিলেই স্ক্রিনে ‘ডিলিটেড’ লেখা ফুটে উঠবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি নিশ্চিত হতে পারবেন যে তাঁর নাম বর্তমান তালিকায় নেই। যাদের নাম তোলার ক্ষেত্রে কোনো কারিগরি বা আইনি সমস্যা রয়েছে, সেই সংক্রান্ত তথ্যও পোর্টালে দেখা যাবে বলে জানা গিয়েছে।
যারা অনলাইনের জটিলতায় যেতে চান না, তাঁদের জন্য অফলাইনেও তালিকা দেখার সুযোগ থাকছে। আগামীকাল তালিকা প্রকাশের পর প্রতিটি বুথ স্তরের আধিকারিক বা বিএলও-দের কাছে হার্ড কপি বা ছাপানো তালিকা পৌঁছে দেওয়া হবে। সংশ্লিষ্ট ভোটাররা নিজ নিজ এলাকার বুথে গিয়ে বিএলও-র কাছ থেকে সশরীরে ভোটার তালিকা দেখে নিতে পারবেন। নির্বাচনের আগে নিজের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করতে এই তালিকা মিলিয়ে নেওয়া অত্যন্ত জরুরি।






