কলকাতা

“বন্ধ দরজা খুলেছে, এবার বিচারের অপেক্ষা!” এসআইআর ইস্যুতে ধরনা প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টের ইতিবাচক ইঙ্গিতের উপর আস্থা রেখেই রাজপথের আন্দোলন থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা জানান তৃণমূল নেত্রী।

Truth of Bengal: শীর্ষ আদালতের পর্যবেক্ষণকে কার্যত রাজনৈতিক সাফল্য হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এবং ‘এসআইআর’ সংক্রান্ত অভিযোগের প্রতিবাদে গত ৬ মার্চ কলকাতার ধর্মতলায় যে ধরনা কর্মসূচি শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মঙ্গলবার সেই কর্মসূচি আপাতত প্রত্যাহারের ঘোষণা করলেন তিনি। সুপ্রিম কোর্টের ইতিবাচক ইঙ্গিতের উপর আস্থা রেখেই রাজপথের আন্দোলন থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা জানান তৃণমূল নেত্রী।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানির পর ধরনামঞ্চ থেকেই সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আদালত স্পষ্ট করে দিয়েছে— ভোটের আগের দিন পর্যন্তও ভোটার তালিকায় নাম তোলার সুযোগ থাকবে। মুখ্যমন্ত্রীর কথায়, “নির্বাচন ঘোষণার পরেও এই মামলাটি সুপ্রিম কোর্টের নজরেই থাকবে। তাই মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আদালত জানিয়েছে, যদি কারও নাম বেআইনিভাবে বাদ পড়ে থাকে, তবে তা বিশেষ ক্ষেত্রে বিবেচনা করা হবে।”

তবে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণের সুরে কোনও পরিবর্তন আনেননি মুখ্যমন্ত্রী। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে নির্বাচন কমিশনের ভূমিকা— একাধিক ইস্যুতে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন পরিকল্পিতভাবেই ভোট পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং যে কাজ ১৫ দিনের মধ্যে সম্পন্ন হওয়া সম্ভব, তা করতে তিন থেকে চার মাস সময় নিচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি, ভোটারদের অধিকার খর্ব করার জন্য যে ‘বন্ধ দরজা’ তৈরি করা হয়েছিল, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তা ধীরে ধীরে খুলতে শুরু করেছে।

Related Articles