মায়াপুরে ঘর বুকিংয়ের নামে বড়সড় জালিয়াতি! FIR দায়ের ইসকনের
ইতিধ্যেই পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগে এই বিষয়ে এফআইআর দায়ের করেছে ইসকন কর্তৃপক্ষ।
Truth of Bengal: উৎসবের মরশুমের আবহে পর্যটক ও ভক্তদের ঢল নেমেছে মায়াপুরে। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছে একদল সাইবার প্রতারক। সম্প্রতি ইসকন মায়াপুর কর্তৃপক্ষের নজরে এসেছে একটি বড়সড় আবাসন জালিয়াতি চক্র। জানা গিয়েছে, একাধিক ভুয়ো ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে মায়াপুরে ঘর বুকিংয়ের নামে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। ঘর পাওয়ার আশায় টাকা দিয়ে সর্বস্বান্ত হচ্ছেন বহু পরিবার। বিষয়টি সামনে আসতেই মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিধ্যেই পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগে এই বিষয়ে এফআইআর দায়ের করেছে ইসকন কর্তৃপক্ষ।
তদন্তে জানা গিয়েছে, প্রতারকরা মায়াপুরের জনপ্রিয় আবাসন কেন্দ্রগুলির নাম ব্যবহার করে জাল পেতেছে। প্রভুপাদ ভিলেজ, ইসোদ্যান, গাদা ভবন, কঞ্চ ভবন ও গীতা ভবনের মতো নামী গেস্ট হাউসে ঘর দেওয়ার প্রলোভন দেখিয়ে তারা টাকা তুলছে। ইসকন কর্তৃপক্ষ চিহ্নিত করেছে যে www.prabhupadvillage.com নামক একটি ওয়েবসাইট এই জালিয়াতির সঙ্গে যুক্ত, যদিও এই তালিকার বাইরেও আরও অনেক ভুয়ো পোর্টাল সক্রিয় থাকার আশঙ্কা রয়েছে। এই সাইটগুলি এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যে সাধারণ মানুষের পক্ষে সেগুলিকে চেনা কঠিন হয়ে দাঁড়াচ্ছে।
এই গুরুতর পরিস্থিতির বিষয়ে ইসকনের ভাইস-প্রেসিডেন্ট রাধারমণ দাস জানিয়েছেন, প্রতারক চক্রগুলি উৎসবের সময় ঘরের বিপুল চাহিদাকে পুঁজি করে কাজ করছে। তারা অত্যন্ত পেশাদার কায়দায় ওয়েবসাইট সাজিয়ে কখনও বিশেষ ছাড় আবার কখনও বিশেষ সুবিধার লোভ দেখায়। এরপর বুকিংয়ের নামে পুরো টাকা নিয়ে তারা বেপাত্তা হয়ে যায়। এই ধরণের প্রতারণা রুখতে এবং ভক্তদের সুরক্ষায় ইসকন মায়াপুর তাদের একমাত্র অনুমোদিত বুকিং মাধ্যমটি পুনরায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।
জনসাধারণকে সতর্ক করে জানানো হয়েছে যে, মায়াপুরে ঘর বুকিংয়ের জন্য একমাত্র সরকারি ও অনুমোদিত ওয়েবসাইট হলো https://www.visitmayapur.com/। এছাড়া অন্য কোনও ওয়েবসাইট, তৃতীয় পক্ষ বা এজেন্ট, কোনও হোয়াটসঅ্যাপ নম্বর কিংবা ব্যক্তিগত ফোন কলের মাধ্যমে করা বুকিং সম্পূর্ণ অননুমোদিত এবং ঝুঁকিপূর্ণ। ভক্তদের প্রতি কর্তৃপক্ষের বিশেষ পরামর্শ, কোনও টাকা লেনদেনের আগে অতি অবশ্যই ওয়েবসাইটের ইউআরএল যাচাই করতে হবে। কোনও এজেন্টের প্রলোভন বা তাড়াহুড়ো করে ঘর নেওয়ার আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে ইসকন।






