কলকাতা

ভবানীপুরে জয়ের লক্ষ্যে মমতা: কালীঘাট থেকে বিশাল মিছিলে আলিপুরে মনোনয়ন পেশ

হাতে দলীয় পতাকা ও বেলুন নিয়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা

Truth Of Bengal: প্রত্যাশামতোই বিপুল জনসমর্থন সঙ্গে নিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র পেশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার সকালে কালীঘাট থেকে এক বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে পৌঁছন তিনি। সেখানে ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন দাখিল করেন মুখ্যমন্ত্রী।

এদিন সকাল সাড় ১০টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বের হন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাথে মিছিলে শামিল হয়েছিলেন ফিরহাদ হাকিম, তাঁর স্ত্রী ও কন্যাসহ স্থানীয় কাউন্সিলর ও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। উল্লেখ্য, এবারের মনোনয়নে তৃণমূল নেত্রীর অন্যতম প্রস্তাবক হিসেবে সই করেছেন ফিরহাদ হাকিমের স্ত্রী। গোটা মিছিল পথ জুড়ে কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। হাতে দলীয় পতাকা ও বেলুন নিয়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।

 

View this post on Instagram

 

A post shared by Truth Of Bengal (@truth_of_bengal)

মনোনয়ন পেশের পর আলিপুর সার্ভে বিল্ডিংয়ের বাইরে দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, “আমি এখানেই আছি, এখান থেকেই আমার সব কিছু। ভবানীপুরের মানুষের আশীর্বাদ ও প্রণাম আমার সাথে আছে। আমি চাই ২৯৪টি কেন্দ্রেই তৃণমূল প্রার্থীরা জয়ী হোন।” মনোনয়ন পত্রে তিনি বাংলাতেই সই করেছেন বলে জানা গেছে।

একদিকে যখন বিরোধী শিবিরের প্রার্থীদের সম্পত্তির খতিয়ান ও মামলার সংখ্যা নিয়ে চর্চা চলছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘর অর্থাৎ ভবানীপুর থেকেই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বার্তা দিলেন। প্রবল গরমের মধ্যে উপস্থিত কর্মী-সমর্থকদের শরীরের যত্ন নেওয়ার পরামর্শও দেন তিনি। তবে নির্বাচন কমিশনের এসআইআর (SIR) তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে এদিনও নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল নেত্রী। মনোনয়ন পর্ব শেষ করে আজই তাঁর পরবর্তী নির্বাচনী সভার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।

Related Articles