কলকাতা

নির্ধারিত সময়েই বাংলায় ভোট, সোমবার প্রস্তুতিতে কমিশনের জরুরি বৈঠক

রবিবার কমিশনের প্রতিনিধিদলের রাজ্যে আসার কথা থাকলেও নবান্নের অনুরোধে সেই সফর আপাতত স্থগিত রাখা হয়েছে।

Truth Of Bengal: নির্ধারিত সময়েই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে — এই বার্তা আগেই স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। তবে ভোট ঘোষণার নির্দিষ্ট দিনক্ষণ এখনও সামনে না আসায় রাজনৈতিক মহলে জল্পনা অব্যাহত।

রবিবার কমিশনের প্রতিনিধিদলের রাজ্যে আসার কথা থাকলেও নবান্নের অনুরোধে সেই সফর আপাতত স্থগিত রাখা হয়েছে। এর জেরে নির্বাচন ঘোষণার সময় নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। এই পরিস্থিতিতেই নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার ও মঙ্গলবার জরুরি বৈঠক ডেকেছে কমিশন।

সূত্রের খবর, সোমবার সকাল ১১টা থেকে শুরু হবে প্রথম দফার বৈঠক। সেখানে উপস্থিত থাকবেন কমিশনার, আইজি, ডিআইজি, জেলাশাসক (ডিইও) এবং জেলার পুলিশ সুপাররা। এরপর দ্বিতীয় দফায় ফের আইজি, ডিআইজি এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসবে কমিশন। মূলত আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়েই বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে গিয়েছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং শুরু হয়েছে রুট মার্চ। সেই প্রস্তুতিও বৈঠকে গুরুত্ব পাবে বলে জানা গিয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত হবে পরবর্তী বৈঠক। সেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনা করবে কমিশন। উপস্থিত থাকতে পারেন Enforcement Directorate, Narcotics Control Bureau, Reserve Bank of India এবং আয়কর দফতরের প্রতিনিধিরাও। রাজ্য পুলিশের নোডাল অফিসারদের সঙ্গেও হবে বৈঠক।

এই বৈঠকগুলিতে নির্বাচনী নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থার চূড়ান্ত রূপরেখা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে সফর স্থগিতের কারণ হিসেবে রাজ্যের তরফে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির কথা জানানো হয়েছে। রবিবার Eden Gardens-এ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচ রয়েছে। পাশাপাশি চলছে সিবিএসসি পরীক্ষা। সামনে ৩ মার্চ দোলযাত্রাও রয়েছে।

Related Articles