কলকাতা

কালীঘাট মন্দিরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

তিনি দুদিন ধরে রাজারহাটের একটি হোটেলে আসন্ন বিধানসভা নির্বাচন সংক্রান্ত পর্যালোচনা বৈঠক করবেন।

রাহুল চট্টোপাধ্যায়: ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রবিবার রাতে কলকাতায় এসেছেন । তিনি দুদিন ধরে রাজারহাটের ওয়েস্ট ইন হোটেলে আসন্ন বিধানসভা নির্বাচন সংক্রান্ত পর্যালোচনা বৈঠক করবেন। প্রথমে স্বীকৃত রাজনৈতিক দল গুলির সঙ্গে বৈঠক। তারপরে পর্যায়ক্রমে সমস্ত জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ সুপার , রেঞ্জের আইজি ডিআইজি , পুলিশ কমিশনার , বিভিন্ন সরকারি এজেন্সি র পদস্থ কর্তা সহ অন্যান্যদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক করবেন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী , রাজ্য পুলিশের ডিজি পীযুষ পান্ডে সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও। মঙ্গলবার বেলা সাড়ে বারোটায় করবেন সাংবাদিক বৈঠক। তারপরে বিকালের বিমানে নয়াদিল্লি ফিরে যাবেন।

বৈঠক শুরুর আগে সোমবার সকালে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে সঙ্গে নিয়ে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মন্দিরে তিনি আরতি, পূজা অর্চনায় অংশ নেন।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কালীঘাট মন্দিরে মা কালীর আশীর্বাদ প্রার্থনা করেন ও পশ্চিমবঙ্গের জনগণের মঙ্গল কামনা করে রাজ্যে অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর আসন্ন বিধানসভা নির্বাচন নিশ্চিত করার জন্য কমিশনের সংকল্প পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন,’এবার শুধু নির্ভয় নির্বাচন পর্ব হবে।’
কালীঘাট মন্দিরের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনার এর উদ্দেশ্যে স্লোগান দিয়ে, পোস্টার দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।