রাজ্যে বাড়ছে শীতের দাপট, দিনের তাপমাত্রাতেও নামল পারদ
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তুরে হাওয়ার প্রবেশে এই মুহূর্তে তেমন কোনও বাধা নেই। ফলে উত্তর ও দক্ষিণবঙ্গ—দুই এলাকাতেই আপাতত শীতের পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
Truth Of Bengal: পৌষের শুরুতেই রাজ্যে শীতের আমেজ স্পষ্ট। এতদিন রাতের দিকে তাপমাত্রা কমলেও, এবার দিনের বেলাতেও শীত অনুভূত হচ্ছে। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি কম। এর জেরে সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি আরও বেড়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তুরে হাওয়ার প্রবেশে এই মুহূর্তে তেমন কোনও বাধা নেই। ফলে উত্তর ও দক্ষিণবঙ্গ—দুই এলাকাতেই আপাতত শীতের পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৭ ডিগ্রি কম। শুক্রবার এই তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে শহরের বিভিন্ন অংশে হালকা কুয়াশা দেখা গেলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা আরও কমতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বর্ধমান, বিষ্ণুপুর ও পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। মেদিনীপুর, আসানসোল, দিঘা ও হাওড়ায় পারদ নামতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও শীতের দাপট বাড়ছে। আগামী দিনে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানিয়েছেন আবহবিদরা।
আলিপুর আবহাওয়া দফতরের মতে, আগামী ১৯ তারিখ পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এই সময় জুড়ে শীতের আমেজ বজায় থাকবে। নতুন কোনো নিম্নচাপ বা আবহাওয়াজনিত সিস্টেম তৈরি না হলে, শীতের এই পরিস্থিতি কিছুদিন স্থায়ী হতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।






