‘টিম তৃণমূল’ প্রশ্নেই বিপত্তি! মনোনয়ন জমা দিতে গিয়ে মেজাজ হারালেন বাবুল! ভাইরাল ভিডিয়ো
এক সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ হয়ে তিনি কেবল বাকবিতণ্ডায় জড়াননি, বরং ক্যামেরায় তোলা ফুটেজ মুছে ফেলার জন্য কার্যত হুমকিও দেন।
Truth of Bengal: রাজ্যসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার দিনে মেজাজ হারিয়ে তীব্র বিতর্কে জড়িয়ে পড়লেন তৃণমূল কংগ্রেস নেতা বাবুল সুপ্রিয়। বিধানসভা চত্বরে এক সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ হয়ে তিনি কেবল বাকবিতণ্ডায় জড়াননি, বরং ক্যামেরায় তোলা ফুটেজ মুছে ফেলার জন্য কার্যত হুমকিও দেন। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে।
মনোনয়ন জমা দিতে গিয়ে মেজাজ হারালেন বাবুল! pic.twitter.com/spyUoTHs4o
— TOB DIGITAL (@DigitalTob) March 6, 2026
গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার জন্য পাঁচজন প্রার্থী বিধানসভায় নিজেদের মনোনয়ন পেশ করেন, যার মধ্যে শাসকদলের চারজন প্রতিনিধি ছিলেন। তাঁদের মধ্যেই অন্যতম ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমান বিধায়ক বাবুল সুপ্রিয়। অভিযোগ, মনোনয়ন পর্ব শেষে এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন যে, তিনি যে তৃণমূলের মূল দলে বা ‘টিম তৃণমূলে’ ঢোকার কথা বলেছিলেন, তা শেষ পর্যন্ত সম্ভব হয়েছে কি না। এই প্রশ্ন শোনা মাত্রই ক্ষিপ্ত হয়ে ওঠেন বাবুল। তিনি প্রশ্নটির প্রাসঙ্গিকতা নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।
পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে যখন সংশ্লিষ্ট সাংবাদিক তাঁর রাজ্যের মন্ত্রীত্ব ছেড়ে রাজ্যসভায় যাওয়ার প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তোলেন। এতে আরও উত্তেজিত হয়ে বাবুল সুপ্রিয় সাফ জানিয়ে দেন যে, তিনি এই ধরণের কোনো প্রশ্নের উত্তর দেবেন না। এখানেই শেষ নয়, তিনি সাংবাদিক ও চিত্র সাংবাদিকের দিকে কার্যত তেড়ে যান এবং জোর দিয়ে দাবি করেন যে, তাঁর যে ভিডিও রেকর্ড করা হয়েছে তা এখনই ডিলিট করতে হবে। তাঁর অনুমতি ছাড়া কোনো বক্তব্য বা দৃশ্য সম্প্রচার করা যাবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।






