দেশ

তৎকাল টিকিটে কি আধার বাধ্যতামূলক? স্পষ্ট জবাব না দেওয়ায় রেল বোর্ডকে চরম ভর্ৎসনা হাইকোর্টের

এত সাধারণ একটি বিষয়ে এতদিনেও কেন কোনও স্পষ্ট অবস্থান জানানো হয়নি, তা অত্যন্ত হতাশাজনক।

Truth of Bengal: তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার প্রমাণীকরণ বাধ্যতামূলক কি না—এই প্রশ্নের স্পষ্ট জবাব না দেওয়ায় রেল বোর্ডকে কড়া ভাষায় ভর্ৎসনা করল কেরল হাইকোর্ট। বৃহস্পতিবার মামলার শুনানিতে আদালত জানায়, এত সাধারণ একটি বিষয়ে এতদিনেও কেন কোনও স্পষ্ট অবস্থান জানানো হয়নি, তা অত্যন্ত হতাশাজনক।

এই মামলায় রেল বোর্ডের আইনজীবী আরও তিন সপ্তাহ সময় চাওয়ায় অসন্তোষ প্রকাশ করে আদালত। প্রধান বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি শ্যাম কুমার ভি এম-এর বেঞ্চ জানায়, বিষয়টি নিয়ে বহুদিন আগে থেকেই সময় দেওয়া হয়েছে। তা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট জবাব জমা পড়েনি। আদালত কড়া মন্তব্য করে জানায়, এত সহজ একটি বিষয়েও যদি উত্তর দিতে না পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাহলে আদালত নিজেই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

পরবর্তীতে আদালত মামলাটি তিন সপ্তাহের জন্য স্থগিত রাখে এবং এই সময়ের মধ্যেই রেল বোর্ডকে তাদের অবস্থান স্পষ্ট করে জানাতে নির্দেশ দেয়। উল্লেখ্য, তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আধার-ভিত্তিক প্রমাণীকরণ বাধ্যতামূলক করার কেন্দ্রের নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার শুনানিতেই এই নির্দেশ দেয় আদালত।