১৬ বছরের কমবয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল কর্ণাটক সরকার
মূলত স্মার্টফোন এবং ইন্টারনেটের প্রতি অতিরিক্ত আসক্তি থেকে শিশুদের দূরে রাখতেই এই কড়া নিয়ম চালু করা হচ্ছে।
Truth of Bengal: কিশোর-কিশোরীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্য রক্ষার লক্ষ্যে এক বৈপ্লবিক পদক্ষেপ নিল কর্নাটক সরকার। গোয়া ও অন্ধ্রপ্রদেশের পর এবার কর্নাটকেও ১৬ বছরের কমবয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া বা সমাজমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বিধানসভায় রাজ্যের বাজেট পেশ করার সময় তিনি আনুষ্ঠানিকভাবে এই বড় ঘোষণাটি করেন। মূলত স্মার্টফোন এবং ইন্টারনেটের প্রতি অতিরিক্ত আসক্তি থেকে শিশুদের দূরে রাখতেই এই কড়া নিয়ম চালু করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানান যে, বর্তমান সময়ে মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়ার ক্রমবর্ধমান আসক্তির ফলে পড়ুয়াদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে। পাশাপাশি মনোবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, অল্প বয়সে এই ধরণের প্ল্যাটফর্ম ব্যবহারের ফলে শিশুদের মনে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব পড়ছে এবং অনেকে গুরুতর মানসিক সমস্যার সম্মুখীন হচ্ছে। এই সমস্ত প্রতিকূল পরিস্থিতি বিবেচনা করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই প্রশাসনিক স্তরে এই নিষেধাজ্ঞার প্রস্তাব আনা হয়েছিল।
এই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে মুখ্যমন্ত্রী রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গেও বিশেষ বৈঠক করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে, অস্ট্রেলিয়া এবং বেশ কিছু ইউরোপীয় দেশের মডেল অনুসরণ করে কর্নাটক সরকারও পড়ুয়াদের জন্য মোবাইল ও সমাজমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনার পরিকল্পনা করছে। সেই আলোচনায় উপাচার্যদের ইতিবাচক মতামতের পরেই বাজেটে এই প্রস্তাবটি অন্তর্ভুক্ত করা হয়। বাজেট বক্তৃতায় মুখ্যমন্ত্রী আরও যোগ করেন যে, কিশোরদের মধ্যে স্মার্টফোনের অপব্যবহার এবং অনলাইন জগতের কুপ্রভাব মোকাবিলা করাই এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য। এর মাধ্যমে আগামী প্রজন্মকে একটি সুস্থ ও স্বাভাবিক শৈশব ফিরিয়ে দেওয়া সম্ভব হবে বলে মনে করছে কর্নাটক সরকার।






