দেশ

তাঁর পদবি খান বলে…! সারফারাজের লাগাতার বাদ পড়ার কারণ নিয়ে কী বললেন শামা?

মনে করা হচ্ছে যে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার আগে যে গৌতম গম্ভীর বিজেপি সাংসদ ছিলেন, তা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কংগ্রেস মুখপাত্র।

Truth Of Bengal: এমিম প্রধান আসাদউদ্দিন ওয়েসির পর এবার, গৌতম গম্ভীরের আমলে, সারফারাজ খানের দল থেকে বাদ পড়া নিয়ে প্রশ্ন তুললেন হাত শিবিরের বিতর্কিত মুখপাত্র শামা মহাম্মদ। তাঁর সাফ প্রশ্ন, পদবি খান বলেই কি সারফারাজ জাতীয় দল থেকে বারবার ব্রাত্য? এমনিতেই গৌতম গম্ভীর হেড কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই মাঝেমধ্যে বিতর্কে জড়াচ্ছে টিম ইন্ডিয়া। তার ওপর শামার এই প্রশ্ন যেন বিষয়টিকে আরও অন্য মোড়ে নিয়ে গেছে।

সমাজমাধ্যমে শামা মহাম্মদ প্রশ্ন তোলেন, “সারফরাজকে কি সুযোগ দেওয়া হচ্ছে না তাঁর পদবি খান বলে? নিরীহ প্রশ্ন আমার। তাছাড়া আমরা তো জানি গৌতম গম্ভীরের মানসিকতা কেমন।” মনে করা হচ্ছে যে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার আগে যে গৌতম গম্ভীর বিজেপি সাংসদ ছিলেন, তা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কংগ্রেস মুখপাত্র।

প্রসঙ্গত, শামা মহাম্মদের আগে সারফরাজ খানকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন আসাদউদ্দিন ওয়েসিও। কী প্রশ্ন তাঁর? তিনি প্রশ্ন করেছিলেন, “কেন ভারত এ দলের জন্যও সারফরাজ খানকে সুযোগ দেওয়া হবে না? এমিম নেতা ওয়ারিস পাঠান প্রশ্ন তোলেন, “লাগাতার এত রান পাচ্ছে একটা ছেলে। তাও বারবার তাকে কেন বাদ দেওয়া হচ্ছে? নিশ্চয়ই কিছু একটা গভীর কারণ আছে এর পেছনে।”

ইংল্যান্ড সফরে সুযোগ না পেলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজে সারফারাজ সুযোগ পাবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু তা হয়নি শেষ পর্যন্ত। শুধু তাই নয়, এমনকি প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টের আগে তিনি নেই এ দলেও। এমন পরিস্থিতিতে আঙ্গুল উঠছে কোচ গৌতম গম্ভীরের দিকেই। কিন্তু যেটুকু সুযোগ পেয়েছেন, তাতে খুব খারাপ পারফর্ম করেননি সারফারাজ। এমনকি রোকোর অবসর ও শ্রেয়াসের বিরতির জেরে মিডিল অর্ডার একটু হলেও নড়বড়ে। কিন্তু তাতেও পরিকল্পনায় রাখা হচ্ছে না সারফারাজকে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে কেন বারবার তাঁকে বাদ দেওয়া হচ্ছে বা এর পেছনে কারণ কি।

Related Articles