চিন নয়, ভারতই লক্ষ্য! সাতটি রুশ তেলবাহী ট্যাঙ্কার এখন নিউ মাঙ্গালোর বন্দরের পথে
মাত্র এক সপ্তাহে ভারত প্রায় ৩ কোটি ব্যারেল রাশিয়ান তেল কিনেছে
Truth Of Bengal: বিশ্ব জ্বালানি বাজারে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। রাশিয়া থেকে তেল নিয়ে চিনে যাওয়ার পথে থাকা একাধিক তেলবাহী জাহাজ মাঝসমুদ্রে দিক পরিবর্তন করে ভারতের দিকে রওনা দিয়েছে। অন্তত সাতটি ট্যাঙ্কার তাদের গন্তব্য বদলে ভারতের দিকে আসছে বলে জানা গিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ‘অ্যাকুয়া টাইটান’ নামের একটি তেলবাহী জাহাজ, যা জানুয়ারির শেষ দিকে বাল্টিক সাগরের একটি বন্দর থেকে ‘উরালস’ অপরিশোধিত তেল বোঝাই করে যাত্রা শুরু করেছিল। প্রথমে জাহাজটির গন্তব্য ছিল চিনের রিঝাও বন্দর, কিন্তু মার্চের মাঝামাঝি দক্ষিণ চিন সাগরে পৌঁছে এটি ইউ-টার্ন নেয়। বর্তমানে জাহাজটি ভারতের নিউ মাঙ্গালোর বন্দরের দিকে এগোচ্ছে এবং আগামী ২১ মার্চ সেখানে পৌঁছানোর কথা।
বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতকে সাময়িকভাবে রাশিয়ার তেল আমদানির অনুমতি দেওয়ার পরই এই পরিবর্তন দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের জেরে তেলের সরবরাহে ঘাটতি তৈরি হওয়ায় ভারত রাশিয়া থেকে আমদানি বাড়িয়েছে। জানা গিয়েছে, মাত্র এক সপ্তাহে ভারত প্রায় ৩ কোটি ব্যারেল রাশিয়ান তেল কিনেছে। শুধু ভারতই নয়, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ আরও কয়েকটি দেশও রাশিয়ার তেল কেনা আবার শুরু করেছে। ফলে চিনের পরিবর্তে নতুন বাজারের দিকে ঝুঁকছে রাশিয়া। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপরও প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।




