দেশ

রিচার্জ শেষ হলেই ইনকামিং বন্ধ কেন? আমজনতার পকেট কাটা নিয়ে সংসদে সরব রাঘব চাড্ডা

টেলিকম সংস্থাগুলির এই পদ্ধতিকে তিনি গ্রাহকদের সঙ্গে আর্থিক প্রতারণা বলেই আখ্যা দিয়েছেন।

Truth of Bengal: প্রিপেড মোবাইল রিচার্জের ২৮ দিনের চক্র এবং রিচার্জ শেষ হলে ইনকামিং কল বন্ধ হয়ে যাওয়ার নিয়ম নিয়ে সংসদে সরব হলেন রাঘব চাড্ডা। টেলিকম সংস্থাগুলির এই পদ্ধতিকে তিনি গ্রাহকদের সঙ্গে আর্থিক প্রতারণা বলেই আখ্যা দিয়েছেন। বুধবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ বলেন, প্রিপেড গ্রাহকদের ক্ষেত্রে রিচার্জের মেয়াদ শেষ হলেই ইনকামিং পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, যা অত্যন্ত অযৌক্তিক। তাঁর বক্তব্য, আউটগোয়িং কল বন্ধ হওয়া স্বাভাবিক হলেও ইনকামিং কল বন্ধ করে দেওয়ায় ব্যবহারকারীরা সমস্যায় পড়েন। এর ফলে গুরুত্বপূর্ণ বার্তা বা ওটিপি ফোনে পৌঁছায় না এবং জরুরি পরিস্থিতিতে মানুষ কার্যত যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েন।

সংসদে তিনি টেলিকম সংস্থাগুলির বহুল প্রচলিত ২৮ দিনের রিচার্জ প্ল্যান নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর দাবি, ২৮ দিনের এই চক্র আসলে গ্রাহকদের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করছে। রাঘব চাড্ডার বক্তব্য, ২৮ দিন করে ১৩ বার রিচার্জ করলে মোট ৩৬৪ দিন হয়। অর্থাৎ ১২ মাসে গ্রাহকদের ১৩ বার রিচার্জ করতে হয়। ফলে বছরে একবার অতিরিক্ত রিচার্জ করতে বাধ্য হচ্ছেন ব্যবহারকারীরা। তাঁর মতে, মাসিক রিচার্জের মেয়াদ ৩০ বা ৩১ দিন হওয়া উচিত। পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়টি তুলে ধরেন তিনি। সেখানে তিনি দাবি করেন, প্রিপেড রিচার্জ ব্যবস্থার বর্তমান নিয়ম গ্রাহকদের উপর অযৌক্তিক বোঝা চাপিয়ে দিচ্ছে।উল্লেখ্য, দেশের অধিকাংশ টেলিকম সংস্থাই বর্তমানে ২৮, ৫৪ বা ৮৪ দিনের রিচার্জ প্ল্যান চালু রেখেছে। এই পদ্ধতি নিয়ে অতীতেও বিতর্ক তৈরি হয়েছে। সংসদে বিষয়টি তোলার পর এবার কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কোনও পদক্ষেপ করে কি না, সেদিকেই নজর রয়েছে।