দেশ

Delhi AIIMS: ট্রান্সফরমার বিস্ফোরণের জেরে দিল্লি এইমসে ভয়াবহ অগ্নিকাণ্ড

দিল্লি দমকল বাহিনীর তরফে জানান হয়েছে, আগুন লাগার খবর পাওয়ার পরপরই দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।

Truth of Bengal: বৃহস্পতিবার বিকেলে আতঙ্ক ছড়াল রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল এইমসের ট্রমা সেন্টারে। বিকেল ৩টা নাগাদ ট্রান্সফরমার বিস্ফোরণের ফলে আগুন লাগে হাসপাতালের প্রাঙ্গণে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। দিল্লি দমকল বাহিনীর তরফে জানান হয়েছে, আগুন লাগার খবর পাওয়ার পরপরই দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। ৩০–৩৫ মিনিটের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দমকল কর্মীদের তৎপরতায়।( Delhi AIIMS)

[আরও পড়ুনঃ Mahamedan sporting Club: সুরুচির বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও জয় পেতে মরিয়া লাল-হলুদ]

দমকল বাহিনী সূত্রে খবর, ট্রমা সেন্টারের চত্বরে থাকা একটি ৩৩,০০০ ভোল্টের বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আশঙ্কার বিষয়, এই ট্রান্সফরমারের পাশেই ছিল আরও দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার এবং মাত্র ৫ মিটার দূরেই ছিল ডাক্তারদের হোস্টেল। তবে আগুন সে সব জায়গায় ছড়িয়ে পড়ার আগেই দমকলকর্মীরা পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দেন, যার ফলে বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়। ঘটনার সময় হাসপাতালে শয়ে শয়ে রোগী ভর্তি ছিলেন, এবং আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই সাময়িক আতঙ্ক তৈরি হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় কোনও রোগী আহত হননি বা ক্ষতিগ্রস্ত হননি। এইমসের  ট্রমা সেন্টারের পরিকাঠামোও অক্ষত রয়েছে।( Delhi AIIMS)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

দমকল কর্তৃপক্ষ প্রাথমিক তদন্তে মনে করছেন, শর্ট সার্কিট থেকেই এই বিস্ফোরণ ও আগুন লাগতে পারে। তবে আগুন লাগার সুস্পষ্ট কারণ সামনে আসেনি। এই পুরো ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত। এইমসের মতো শীর্ষ হাসপাতাল অল্পের জন্য বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেল। তবে এই ঘটনার পর হাসপাতাল চত্বরে নিরাপত্তা ও বৈদ্যুতিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ আরও জোরদার করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। ( Delhi AIIMS)

Related Articles