অঙ্কিতা ভাণ্ডারি খুনের ঘটনায় দোষী সাব্যস্ত প্রাক্তন বিজেপি বিধায়কের ছেলে
Former BJP MLA's son convicted in Ankita Bhandari murder case
Truth Of Bengal: ২০২২ সালে দেশ জুড়ে শোরগোল ছড়িয়ে দেয় অঙ্কিতা ভাণ্ডারির খুনের মামলা। এই ঘটনায় তিন অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করল উত্তরাখণ্ডের আদালত। শুক্রবার পউরি জেলার আদালত রায় ঘোষণা করে জানায়, রিসর্ট মালিক পুলকিত আর্য, ম্যানেজার সৌরভ ভাস্কর এবং সহকারী ম্যানেজার অঙ্কিত গুপ্ত—তিনজনই এই নির্মম হত্যাকাণ্ডে দোষী। আর পুলকিত আর্য হলেন বিজেপির প্রাক্তন প্রভাবশালী নেতা বিনোদ আর্যের ছেলে। এই ঘটনার পরে দল থেকে বহিষ্কার করা হয়েছিল বিনোদকে।
অঙ্কিতা ভাণ্ডারি যমকেশ্বর ব্লকের এক রিসর্টে রিসেপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন। ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টার পর তিনি নিখোঁজ হয়ে যান। ছ’দিন পরে চাল্লি খাল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকেই সন্দেহের তির ছিল রিসর্ট মালিক ও তার সঙ্গীদের দিকে।অঙ্কিতার বাবা বীরেন্দ্র ভাণ্ডারি অভিযোগ করেছিলেন, মেয়েকে রিসর্টের অতিথিদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে জোর করত পুলকিত। অঙ্কিতা তা অস্বীকার করলে পুলকিত, সৌরভ ও অঙ্কিত মিলে তাঁকে খুন করে। সেই অভিযোগের ভিত্তিতে গঠিত হয় বিশেষ তদন্তকারী দল। তারা ৫০০ পাতার চার্জশিট জমা দেয় আদালতে।
মামলার বিচার শুরু হয় ২০২৩ সালের ২৮ মার্চ। দীর্ঘ শুনানি শেষে ২০২৫ সালের ৩০ মে আদালত তিন অভিযুক্তকে দোষী ঘোষণা করে। এখনো পর্যন্ত সাজা ঘোষণা হয়নি। বিচারক পরে শাস্তির মাত্রা নির্ধারণ করবেন। রায় ঘোষণার পর অঙ্কিতার মা বলেন, ‘ আমার মেয়ের খুনিদের যেন ফাঁসি হয়। এদের কোনও রকম দয়া বা ক্ষমা প্রাপ্য নয়।’ এই রায়ে কিছুটা স্বস্তি পেলেও, অঙ্কিতার পরিবারের একমাত্র চাওয়া—অপরাধীদের সর্বোচ্চ সাজা। এখন দেশজুড়ে নজর রয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কবে এবং কী সাজা ঘোষণা করেন বিচারক।






