কোটি কোটি টাকার দুর্নীতি! প্রাক্তন কংগ্রেস বিধায়ককে গ্রেফতার করল ইডি
২০২৩ সালের জানুয়ারি মাসে ইডি বলজিৎ যাদবের জয়পুর ও আলওয়ারের একাধিক ঠিকানায় তল্লাশি চালায়।
Truth Of Bengal: রাজস্থানে কংগ্রেস জমানার বিধায়ক এলাকা উন্নয়ন (MLALAD) তহবিলের টাকা তছরূপের অভিযোগে প্রাক্তন নির্দল বিধায়ক বলজিৎ যাদবকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। মঙ্গলবার গভীর রাতে আলওয়ারের শাহজাহানপুর এলাকার একটি টোল প্লাজা থেকে তাঁকে আটক করার পর গ্রেফতার করা হয়।
ঘটনার সূত্রপাত ২০২১-২২ অর্থবর্ষে আলওয়ারের ৩২টি সরকারি স্কুলে ক্রীড়া সরঞ্জাম সরবরাহকে কেন্দ্র করে। অভিযোগ উঠেছে, বলজিৎ যাদবের বিধায়ক তহবিল থেকে ৩.৭২ কোটি টাকার সরঞ্জাম কেনা হয়েছিল। তদন্তে দেখা গিয়েছে, যে চারটি সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল, সেগুলি কেবল এই টেন্ডার প্রক্রিয়ার জন্যই খোলা হয়েছিল। বাজারদরের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি দামে ওই সংস্থাগুলি থেকে সরঞ্জাম কেনা হয়েছে বলে ইডি-র দাবি।
২০২৩ সালের জানুয়ারি মাসে ইডি বলজিৎ যাদবের জয়পুর ও আলওয়ারের একাধিক ঠিকানায় তল্লাশি চালায়। পরবর্তীতে, ২০২৪ সালে রাজস্থানের দুর্নীতি দমন শাখা (ACB) বলজিৎ ও আরও চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। ইডি-র তদন্তে উঠে এসেছে যে, তৎকালীন বিধায়কের সুপারিশেই আলওয়ার জেলা পরিষদ এই সরঞ্জাম কেনার প্রশাসনিক অনুমোদন দিয়েছিল।
২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত আলওয়ারের বহরোর কেন্দ্রের বিধায়ক ছিলেন বলজিৎ যাদব। ২০২০ সালে রাজস্থানে রাজনৈতিক সংকটের সময় তিনি অশোক গেহলট সরকারকে সমর্থন করেছিলেন। তবে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির যশবন্ত সিং যাদবের কাছে পরাজিত হন।
বর্তমানে এই গ্রেফতারির পর সংশ্লিষ্ট ঘটনার নেপথ্যে আর কারা জড়িত এবং বিপুল পরিমাণ অর্থের লেনদেন কোথায় হয়েছে, তা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।




