Commercial LPG price: বছরের শুরুতেই বড় ধাক্কা! একধাক্কায় কত বাড়ল রান্নার গ্যাসের দাম?
আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসের শুরুতে এই দাম পর্যালোচনা করা হয়।
Truth of Bengal: নতুন বছরের শুরুতেই সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে একধাক্কায় অনেকটা বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ১৯ কেজি ওজনের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম একবারে ১১১ টাকা বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসের শুরুতে এই দাম পর্যালোচনা করা হয়। সেই নিয়ম মেনেই বছরের প্রথম দিন থেকেই নতুন বর্ধিত মূল্য কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দামের এই পরিবর্তনের ফলে দেশের বড় শহরগুলিতে বাণিজ্যিক সিলিন্ডারের খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। কলকাতায় যে বাণিজ্যিক সিলিন্ডার আগে ১৬৮৪ টাকায় পাওয়া যেত, শুক্রবার থেকে তার দাম বেড়ে দাঁড়িয়েছে ১৭৯৫ টাকা। দেশের রাজধানী দিল্লিতে এর আগের দাম ছিল ১৫৮০.৫০ টাকা, যা বর্তমানে বেড়ে হয়েছে ১৬৯১.৫০ টাকা। এছাড়া মুম্বই ও চেন্নাইয়ে ১৯ কেজির সিলিন্ডারের নতুন দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ১৬৪২.৫০ টাকা এবং ১৭৩৯.৫০ টাকা। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর এই যে, গৃহস্থালির কাজে ব্যবহৃত ১৪.২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। গত বছর নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রান্নার গ্যাসের দামে ১০০ টাকা ছাড় দিয়েছিলেন। এরপর থেকে মাসের পর মাস এর দাম স্থির ছিল। মাঝে একবার এপ্রিলে দাম ৫০ টাকা বাড়ানো হলেও পরে আর পরিবর্তন হয়নি। কলকাতায় বর্তমানে ঘরোয়া সিলিন্ডারের মূল্য আগের মতোই ৮৭৯ টাকা থাকছে।
বাণিজ্যিক গ্যাসের এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে হোটেল, রেস্তরাঁ এবং ক্যাটারিং শিল্পের ওপর। এর পাশাপাশি যারা এলপিজি চালিত গাড়ি ব্যবহার করেন, তাদেরও জ্বালানি খরচ একলাফে অনেকটা বেড়ে যাবে। ব্যবসায়ীদের আশঙ্কা, বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার ফলে খাবারের দাম থেকে শুরু করে বিভিন্ন পরিষেবার খরচ বাড়তে পারে, যার পরোক্ষ প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের পকেটেই পড়বে।



