দেশ

Banda UP: যৌন হেনস্থার চেষ্টা করতেই রুখে দাঁড়ালেন তরুণী! কুঠারের ঘায়ে প্রৌঢ়কে খুন, উত্তপ্ত উত্তরপ্রদেশ

শুক্রবার পুলিশ এই ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ্যে এনেছে।

Truth of Bengal: উত্তরপ্রদেশের বান্দা জেলায় এক চাঞ্চল্যকর খুনের ঘটনায় ১৮ বছর বয়সী এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, যৌন হেনস্থার চেষ্টা করায় এক প্রৌঢ়কে কুঠার দিয়ে কুপিয়ে খুন করেছেন তিনি। বৃহস্পতিবার বছরের প্রথম দিনেই বান্দা জেলার মুরওয়াল গ্রামে এই রক্তক্ষয়ী ঘটনাটি ঘটে। শুক্রবার পুলিশ এই ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ্যে এনেছে।

স্থানীয় থানা সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ মুরওয়াল গ্রামের একটি বাড়ি থেকে ৫০ বছর বয়সী সুখরাজ প্রজাপতির রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। নিহতের মাথায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল। ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে ওই তরুণীর বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয়েছে খুনে ব্যবহৃত কুঠারটিও। জেরার মুখে ওই তরুণী পুলিশের কাছে তাঁর অপরাধ স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেছেন যে, এটি কোনো পরিকল্পিত খুন নয়, বরং আত্মরক্ষার তাগিদে তিনি এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিলেন। তরুণীর বয়ান অনুযায়ী, ঘটনার সময় সুখরাজ জোরপূর্বক তাঁর বাড়িতে ঢুকে পড়ে এবং তাঁকে যৌন হেনস্থার চেষ্টা করে। সম্ভ্রম বাঁচাতে ধস্তাধস্তির একপর্যায়ে ঘরে থাকা কুঠার দিয়ে তিনি সুখরাজকে আঘাত করেন, যার ফলে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

স্টেশন হাউস অফিসার রাজেন্দ্র সিং রাজাওয়াত জানিয়েছেন, তরুণীর বয়ান খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবারই অভিযুক্তকে স্থানীয় আদালতে পেশ করার কথা। পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় যাতে ঘটনার সঠিক নেপথ্য কারণ এবং সেই সময় আর কেউ সেখানে উপস্থিত ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়। বছরের শুরুতেই এমন ঘটনায় গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

Related Articles